সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে বিটিডব্লিউএ অ্যাওয়ার্ড পেলেন সালাহউদ্দীন সুমন
৭ মিলিয়ন অনুসারীর প্রিয় মুখ সালাহউদ্দিন সুমনের ঝুলিতে নতুন সম্মাননা
ডিজিটাল মাধ্যমে ভ্রমণ বিষয়ক সৃজনশীল উপস্থাপনা এবং বিশ্বজুড়ে কোটি মানুষের কাছে বাংলাদেশের পর্যটনকে পৌঁছে দেওয়ার স্বীকৃতিস্বরূপ ২০২৫ সালের ‘সেরা ট্রাভেল কন্টেন্ট ক্রিয়েটর’ হিসেবে সম্মানিত হয়েছেন প্রখ্যাত সাংবাদিক আবু মোহাম্মদ সালাহউদ্দীন , যিনি দর্শকদের কাছে সালাহউদ্দীন সুমন নামেই সমধিক পরিচিত। গতকাল ৯ মে রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে বাংলাদেশ ভ্রমণ লেখক অ্যাসোসিয়েশন (বিটিডব্লিউএ) আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁর হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়।
জনপ্রিয় ট্রাভেল প্ল্যাটফর্ম ‘বেঙ্গল ভিসতা’র প্রতিষ্ঠাতা সালাহউদ্দীন সুমনের বর্তমানে ফেসবুক ও ইউটিউব মিলিয়ে ৭০ লাখেরও বেশি অনুসারী রয়েছে। তাঁর তৈরি প্রতিটি কন্টেন্টে ফুটে ওঠে তথ্যের গভীরতা ও শৈল্পিক উপস্থাপনা, যা দেশের পর্যটন খাতের ব্র্যান্ডিংয়ে বিশেষ ভূমিকা রাখছে।
পুরস্কার গ্রহণের পর এক আবেগঘন বক্তব্যে সালাহউদ্দীন সুমন বলেন, “কিংবদন্তি ভ্রমণ লেখক ও বরেণ্য ব্যক্তিত্বদের সামনে এই সম্মাননা পাওয়া আমার জন্য অত্যন্ত গৌরবের। এই স্বীকৃতি ভবিষ্যতে আরও দায়িত্বশীল ও মানসম্মত কন্টেন্ট তৈরির অনুপ্রেরণা জোগাবে।”
বিটিডব্লিউএ’র সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল ভিডিও বার্তায় সুমনের কাজের প্রশংসা করে বলেন, কন্টেন্ট ক্রিয়েশনে তাঁর বৈপ্লবিক পরিবর্তন পর্যটন প্রেমীদের নতুন পথ দেখাচ্ছে। অনুষ্ঠানে উম্মাদ সম্পাদক আহসান হাবীব, পর্যটন করপোরেশনের পরিচালক মহিউদ্দিন হেলালসহ অনেকে উপস্থিত ছিলেন। মূলত সৃজনশীলতাকে উৎসাহিত করতেই প্রতি দুই বছর অন্তর এই সম্মাননা প্রদান করা হয়।



