হিরো অফ দি ডে

যবিপ্রবি গবেষকের উদ্ভাবিত দেশীয় ‘ন্যানো ইউরিয়া’ প্রযুক্তির পেটেন্ট লাভ

যশোরসাত বছরেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে নিজের উদ্ভাবিত দেশীয় ‘ন্যানো ইউরিয়া’ প্রযুক্তির পেটেন্ট পেয়েছেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ন্যানোপ্রযুক্তি গবেষক অধ্যাপক ড. মো. জাভেদ হোসেন খান। কৃষিতে আমদানিনির্ভরতা হ্রাস, সারের ব্যয় কমানো এবং পরিবেশবান্ধব কৃষি সম্প্রসারণে এই উদ্ভাবন এক নতুন দিগন্ত উন্মোচন করেছে।

২০১৮ সালে যবিপ্রবির দেশের প্রথম আইএসও সনদপ্রাপ্ত ন্যানো গবেষণাগারে এই প্রযুক্তি উদ্ভাবন করা হয়। প্রচলিত দানাদার ইউরিয়া সারের অপচয় ও পরিবেশদূষণ রোধে ন্যানো ইউরিয়া অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে। বাংলাদেশ প্রতিবছর প্রায় ৩২ হাজার কোটি টাকার ইউরিয়া সার আমদানি করে থাকে। এই দেশীয় প্রযুক্তির ব্যাপক ব্যবহার নিশ্চিত করা গেলে বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওপর চাপ ও সরকারের ভর্তুকি উল্লেখযোগ্য হারে কমবে।

গবেষক জানান, চলতি বছরের বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আসার পর তাঁর ব্যক্তিগত আগ্রহ ও দিকনির্দেশনায় পেটেন্ট পাওয়ার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন হয়। প্রধানমন্ত্রী প্রযুক্তিটি দ্রুত কৃষকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়েছেন।

তবে গবেষণাগারের এই উদ্ভাবনকে মাঠপর্যায়ে সফল করতে একটি সমন্বিত জাতীয় ন্যানো-কৃষি নীতিমালা প্রণয়ন, কঠোর মানদণ্ড নির্ধারণ এবং কৃষকদের প্রশিক্ষণের ওপর জোর দিয়েছেন অধ্যাপক জাভেদ। যবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. ইয়ারুল কবির এই অর্জনকে বিশ্ববিদ্যালয় ও সমগ্র জাতির জন্য গর্বের বিষয় হিসেবে অভিহিত করেছেন। সঠিক পরীক্ষা ও বাণিজ্যিক উৎপাদনব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে দেশীয় এই বৈজ্ঞানিক উদ্ভাবন বাংলাদেশের কৃষিকে আরও আধুনিক ও আত্মনির্ভরশীল করে তুলবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করছেন।

এমন আরো সংবাদ

Back to top button