সবার নজরে তুরস্কের ‘শূন্য বর্জ্যের গ্রাম’ সোলাক
জাতিসংঘ জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ উপলক্ষে তুরস্কের আনতালিয়ার আকসু জেলার সোলাক এলাকাকে ‘শূন্য বর্জ্যের গ্রাম’-এ রূপান্তর করা হয়েছে। পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ সরেজমিন দেখতে সেখানে ভিড় করছেন দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা।
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের স্ত্রী এমিনে এরদোয়ানের পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া ‘জিরো ওয়েস্ট’ বা শূন্য বর্জ্য প্রকল্পের আওতায় সোলাক গ্রামে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে।
গ্রামের পুরোনো ভবন ও বিদ্যালয় সংস্কার করা হয়েছে। বস্ত্র ও কাঠের কারখানায় পুনর্ব্যবহারযোগ্য উপকরণ দিয়ে টেবিল, চেয়ার ও পোশাক তৈরি করা হচ্ছে। নতুন নির্মিত শূন্য বর্জ্য শিশুপার্কের মেঝেতে ব্যবহার করা হয়েছে জলপাইয়ের বিচি থেকে তৈরি প্রাকৃতিক বালু।
পরিকল্পিত এসব উদ্যোগের ফলে গ্রামটিকে আরও পরিচ্ছন্ন ও সবুজ বসতিতে রূপান্তর করা হয়েছে। একই সঙ্গে বিভিন্ন ধরনের বর্জ্য পুনর্ব্যবহারের ব্যবস্থাও চালু হয়েছে।খাবারের বর্জ্য থেকে তৈরি হচ্ছে সার ।
গ্রামে স্থাপন করা কম্পোস্ট মেশিনে খাবারের অবশিষ্টাংশ জমা করে জৈব সারে রূপান্তর করা হচ্ছে। ফলে আগে যেসব জৈব বর্জ্য আবর্জনার সঙ্গে ফেলে দেওয়া হতো, সেগুলো এখন কৃষিকাজে পুনরায় ব্যবহার করা সম্ভব হচ্ছে।
সোলাকের বাসিন্দাদের দৈনন্দিন জীবনে শূন্য বর্জ্যের ধারণা অনুসরণের জন্য উৎসাহিত করা হচ্ছে। পাশাপাশি শিশুদের মধ্যে পরিবেশ সচেতনতা তৈরি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য পরিচ্ছন্ন পরিবেশ রেখে যাওয়াই এই উদ্যোগের লক্ষ্য।
কপ৩১ উপলক্ষে আনতালিয়ায় আসা দেশি-বিদেশি অংশগ্রহণকারীরা গ্রামের পরিবেশবান্ধব কার্যক্রম সম্পর্কে তথ্য নিচ্ছেন, বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছেন এবং স্থানীয় পণ্য পরিদর্শন করছেন। এর মাধ্যমে দর্শনার্থীরা টেকসই জীবনযাপনের বাস্তব প্রয়োগ সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন।
আকসু পৌরসভার সংস্কৃতি, শিল্প ও সামাজিক বিষয় বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক জেইনেপ দেমিরেল জানান, কপ৩১ উপলক্ষে আসা বিদেশি অতিথিদের শূন্য বর্জ্যের গ্রাম সোলাকে স্বাগত জানানো হচ্ছে।
পৌরসভার উদ্যোগে গ্রামে তুরস্কের যাযাবর ইয়োরুক জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী তাঁবু স্থাপন করা হয়েছে। সেখানে দর্শনার্থীদের সোলাকের বিখ্যাত স্থানীয় খাবার ‘পিশি’ পরিবেশন করা হচ্ছে।
জেইনেপ দেমিরেল বলেন, “গ্রামটির চেহারা বদলে গেছে এবং স্থানীয় মানুষ এতে খুবই খুশি। বিদ্যালয় সংস্কার করা হয়েছে এবং শূন্য বর্জ্য কার্যক্রমের জন্য আলাদা জায়গা তৈরি হয়েছে। পুনর্ব্যবহৃত বর্জ্য থেকে বিভিন্ন পণ্য তৈরির কর্মশালা এবং প্যাকেটবিহীন পণ্য বিক্রির দোকানও রয়েছে।”
তিনি আরও বলেন, ইয়োরুক সংস্কৃতিতে শূন্য বর্জ্যের ধারণা আগে থেকেই প্রচলিত। তাঁরা বাড়ির অবশিষ্ট খাবার পশুদের দেন অথবা গাছের গোড়ায় ব্যবহার করেন। প্রকৃতির প্রতি সম্মান দেখানো তাঁদের ঐতিহ্যের অংশ।
সোলাকের বাসিন্দা হাফিজে ইয়েশিলোরমান বলেন, কপ৩১ উপলক্ষে নেওয়া উদ্যোগে তাঁদের গ্রাম অনেক সুন্দর হয়ে উঠেছে। তাঁরা বর্জ্য সাধারণ আবর্জনায় না ফেলে আলাদা করে পুনর্ব্যবহার কেন্দ্রে জমা দেন। আশপাশের এলাকার বাসিন্দাদেরও বর্জ্য সোলাকে নিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।
স্থানীয় দোকানি নাফিয়ে উসলু বলেন, “দোকান থেকে বের হওয়া বর্জ্য আমি আলাদা করে পুনর্ব্যবহার কেন্দ্রে জমা দিই। আমাদের লক্ষ্য হচ্ছে, এই গ্রাম থেকে যেন কোনো বর্জ্য বাইরে না যায়।”
আরেক বাসিন্দা বেরিন চোম জানান, তিনিও বাড়ির বর্জ্য সংগ্রহ করে প্রতিদিন পুনর্ব্যবহার কেন্দ্রে জমা দেন। গ্রামটির পরিবেশগত পরিবর্তনে তিনি সন্তোষ প্রকাশ করেন।



