জলবায়ু পরিবর্তনহাইলাইটস

কপ ৩১: আলোচনায় উঠে এসেছে জলবায়ু অর্থায়ন এবং কার্যকর কর্মপন্থা বাস্তবায়নের তাগিদ

meettingবিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকি মোকাবিলা এবং বৈশ্বিক উষ্ণতা হ্রাসের নতুন রূপরেখা তৈরির লক্ষ্য নিয়ে তুরস্কের আন্তালিয়া শহরে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘের ৩১ তম জলবায়ু পরিবর্তন সম্মেলন ‘কপ৩১।প্রায় ২০০ টি দেশের প্রতিনিধি, পরিবেশ বিজ্ঞানী ও বৈশ্বিক নীতি নির্ধারকদের অংশগ্রহণে শুরু হওয়া এই সম্মেলনে উদ্বোধনী অধিবেশনেই তীব্র আলোচনায় উঠে এসেছে জলবায়ু অর্থায়ন এবং কার্যকর কর্মপন্থা বাস্তবায়নের তাগিদ।

উদ্বোধনী অধিবেশনে বিশ্ব নেতাদের উদ্দেশ্যে এক বার্তায় জাতিসংঘের বিদায়ী মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেন, “আমরা জলবায়ুর চরম পরিস্থিতির এক নতুন যুগে প্রবেশ করেছি। কেবল প্রতিশ্রুতি বা ঘোষণায় সীমাবদ্ধ না থেকে কার্বন নিঃসরণ দ্রুত কমাতে হবে এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর সুরক্ষা নিশ্চিত করতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে হবে।”

সম্মেলনের সভাপতি ও তুরস্কের পরিবেশ, নগরায়ন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত মন্ত্রী মুরাত কুরুম সম্মেলনে আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, খাদ্য নিরাপত্তা, কৃষি ও টেকসই বিদ্যুৎ ব্যবস্থাপনাকে এজেন্ডার শীর্ষে রেখে বিশ্বকে এবার বাস্তবমুখী পদক্ষেপের দিকে এগোতে হবে। এ ছাড়া কপ৩১-এর আলোচনায় সভাপতি হিসেবে সমন্বয় করছেন অস্ট্রেলিয়ার জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক মন্ত্রী ক্রিস বোয়েন এবং জাতিসংঘের জলবায়ু প্রধান সাইমন স্টিল মূল চুক্তি প্রক্রিয়ার তদারকি করছেন।

কপ৩১-এর মূল এজেন্ডাগুলোর মধ্যে রয়েছে ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক জ্বালানি চাহিদায় পরিচ্ছন্ন বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করা, অভিযোজন প্রক্রিয়া শক্তিশালী করা এবং শিল্প খাতের বর্জ্য কমিয়ে একটি কার্যকর ‘সার্কুলার ইকোনমি’ গড়ে তোলা।

একই সাথে সম্মেলনের অন্যতম উত্তপ্ত বিষয় হিসেবে উঠে এসেছে জলবায়ু অর্থায়ন। জাতিসংঘের পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) প্রতিবেদন অনুযায়ী, ২০৩৫ সাল নাগাদ উন্নয়নশীল দেশগুলোর জন্য বছরে প্রায় ৩০৫ বিলিয়ন ডলার জলবায়ু অভিযোজন অর্থায়ন প্রয়োজন হলেও বর্তমানে তার ক্ষুদ্র অংশই মিলছে। এই প্রেক্ষিতে কপ৩১-এ ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য বার্ষিক ৩০০ বিলিয়ন বা ৩০,০০০ কোটি ডলার সমপরিমাণ অনুদানমূলক আর্থিক তহবিল নিশ্চিত করা, ‘লস অ্যান্ড ড্যামেজ ফান্ড’ কার্যকর করা এবং কার্বন বাজারের পরিধি সম্প্রসারণের প্রস্তাবগুলো নিয়ে জোর আলোচনা চলছে।

বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান ও প্রতিনিধিরা আগামী দুই সপ্তাহ ধরে এসব দাবির সুনির্দিষ্ট রূপরেখা চূড়ান্ত করতে ধারাবাহিক অধিবেশনে অংশ নিচ্ছেন।

এমন আরো সংবাদ

Back to top button