ব্লু ও গ্রীন জোনে আন্তর্জাতিক প্রতিনিধিরা: তুর্কি ইলেকট্রিক কার ও সবুজ শক্তির সম্ভাবনা
আনাতালিয়ায় কপ৩১ সম্মেলনের দ্বিতীয় দিন
তুরস্কের রিসোর্ট নগরী আনাতালিয়ায় মঙ্গলবার দ্বিতীয় দিনে গড়িয়েছে জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন (কপ৩১)। সম্মেলনের দ্বিতীয় দিনে বিশ্বনেতা, গবেষক ও নীতি-নির্ধারকদের আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকছে শক্তি নিরাপত্তা, বিদ্যুতায়ন, আধুনিক গ্রিড অবকাঠামো এবং পরিবেশবান্ধব টেকসই পরিবহন ব্যবস্থা।
সম্মেলনের আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, দিনজুড়ে ব্লু এবং গ্রীন জোনে প্রায় ৩৭০টি অধিবেশন আয়োজিত হচ্ছে। এর মধ্যে কেবল জ্বালানি ও পরিবহন খাতের ওপরই রয়েছে অন্তত ১৪০টি বিশেষ অধিবেশন। সরকারি নেগোশিয়েশন ও উচ্চপর্যায়ের কাঠামোগত আলোচনার কেন্দ্রস্থল ‘ব্লু জোন’-এ আজ আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের মধ্যকার ‘সবুজ শক্তি অংশীদারিত্ব’ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ মন্ত্রীপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পাশাপাশি বিশ্বব্যাপী ভূ-রাজনৈতিক ঝুঁকিতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিতকরণ, ইউক্রেনের জ্বালানি খাতের রূপান্তর, নবায়নযোগ্য শক্তির অবকাঠামো সম্প্রসারণ এবং এ খাতের অর্থায়ন নিয়ে একাধিক সেমিনার অনুষ্ঠিত হয়।
অন্যদিকে, সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত ‘গ্রীন জোন’-এ আজ শিল্প খাতের কার্বন নিঃসরণ হ্রাস, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং টেকসই গতিশীলতার নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা চলছে। স্বাগতিক তুরস্কের ইলেকট্রিক গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘টগ’ আয়োজিত টেকসই গতিশীলতা সংক্রান্ত সেমিনারটি আন্তর্জাতিক প্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ করেছে। এ ছাড়া টেকসই বিমান জ্বালানি , শক্তি সঞ্চয় প্রযুক্তি এবং পরিবেশবান্ধব পরিবহনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার নিয়েও একাধিক প্যানেল আলোচনা সূচিতে ছিল।
উল্লেখ্য, গত সোমবার (৯ নভেম্বর) খাদ্য, কৃষি ও স্বাস্থ্যসেবা খাতের ওপর বিশেষ আলোকপাতের মাধ্যমে শুরু হয় এই বৈশ্বিক আসর। আনাতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলমান এই কপের মূল লক্ষ্য হলো বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো, জলবায়ু অভিযোজন এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য অর্থায়ন প্রক্রিয়ায় আন্তর্জাতিক নেগোশিয়েশন ত্বরান্বিত করা।



