জলবায়ু পরিবর্তন

কপ৩১ সম্মেলনে জলবায়ু নেতাদের কড়া সমালোচনা গ্রেটা থুনবার্গের

"এটি জীবন-মরণের প্রশ্ন": কপ৩১ সম্মেলনে জলবায়ু নেতাদের কড়া সমালোচনা গ্রেটা থুনবার্গেরজলবায়ু আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ সতর্ক করে দিয়েছেন যে, কপ৩১ সম্মেলনে গৃহীত সিদ্ধান্তগুলো অগণিত মানুষের জন্য জীবন-মরণের কারণ হতে পারে। সম্মেলনস্থলে পৌঁছে তিনি বলেন, জাতিসংঘের জলবায়ু আলোচনা জলবায়ু বিপর্যয় রোধে যথেষ্ট নয়,তবে বিপর্যয় এড়ানো ও জীবন বাঁচানোর লড়াই অব্যাহত রাখতে হবে। তিনি বলেন, “এটি জীবন ও মৃত্যুর প্রশ্ন।” তিনি আরও সতর্ক করেন যে, আলোচনা কক্ষে যা ঠিক হবে তা অগণিত মানুষের জন্য “মৃত্যুদণ্ড বা বাঁচার রায়” হয়ে উঠতে পারে।

থুনবার্গ সংশয় প্রকাশ করেন যে এবারের সম্মেলন আগের সম্মেলনগুলোর চেয়ে ভিন্ন কোনো ফল দেবে। তিনি বলেন, কয়েক দশক ধরে “শুধু কথাবার্তা” সত্ত্বেও নির্গমন বাড়ছে এবং জলবায়ু বিপর্যয় ইতিমধ্যেই ঘটছে। তিনি মানব নিয়ন্ত্রণের বাইরে থাকা এমন কিছু “অপ্রত্যাবর্তনযোগ্য রূপান্তর পয়েন্ট” অতিক্রম করার বিষয়েও সতর্ক করেন। তবে তিনি স্পষ্ট করেন, কপ আলোচনার সীমাবদ্ধতার কারণে আরও বিপর্যয় ঠেকানোর সংগ্রাম থামানো যাবে না। তিনি রাজনৈতিক নেতাদের কঠোর সমালোচনা করে বলেন, বিজ্ঞানী এবং জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর বহু দশকের সতর্কতা উপেক্ষা করা হচ্ছে।

তিনি বলেন, মানবজাতি তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় জীবনোপযোগী পরিবেশকে ধারাবাহিকভাবে অস্থির করে তুলছে এবং আমরা এক “অজানা বিপজ্জনক এলাকায়” প্রবেশ করছি। “আমরা আন্দোলনকর্মীরা এখানে এসেছি ক্ষমতার কেন্দ্রে থাকা ব্যক্তিদের সেই কাজগুলো বাস্তবায়ন করতে বাধ্য করতে, যা তারা বছরের পর বছর ধরে মুখে বলে আসছেন,” তিনি যোগ করেন। বিশ্ব যদি বিদ্যমান ধারায় চলতে থাকে, তবে খাদ্য, সুপেয় পানি এবং কার্যকর অবকাঠামো বিলাসিতায় পরিণত হবে বলেও সতর্ক করেন তিনি। থুনবার্গ রাজনীতিকদের বিভ্রান্তিকর আলোচনায় ব্যস্ত থাকার অভিযোগ তোলেন এবং বলেন, তথাকথিত উদ্যোগের আড়ালে বিভিন্ন ফাঁকফোকর তৈরি করা হচ্ছে। তিনি আন্তর্জাতিক আইনি কাঠামো ও সংস্থাগুলোকে ভেঙে ফেলারও অভিযোগ আনেন। আন্তর্জাতিক এই সামিট আয়োজক দেশগুলোকে নিজেদের “স্বচ্ছ ও ভালো” হিসেবে জাহির করার সুযোগ দেয় উল্লেখ করে তিনি বলেন, সম্মেলনটি বর্তমান রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থার সুবিধাভোগী শিল্পগোষ্ঠীর বেতনভুক্ত লবিস্টে ভরা এবং “এবারের বছরটিও এর ব্যতিক্রম নয়।”

এমন আরো সংবাদ

Back to top button