জলবায়ু পরিবর্তনলিড নিউজ

জ্বালানি ও পরিবহনকে গুরুত্ব দিয়ে দ্বিতীয় দিনে কপ৩১: একদিনেই ৩৭০টি অধিবেশন

কেরামত উল্লাহ বিপ্লব , আনতালিয়া, তুরস্ক থেকে : তুরস্কের আনতালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন কপ৩১ মঙ্গলবার দ্বিতীয় দিন পার করেছে। এখন আলোচনায় প্রাধান্য পাচ্ছে জ্বালানি নিরাপত্তা, বিদ্যুতায়ন, বিদ্যুৎ গ্রিডের অবকাঠামো এবং টেকসই পরিবহনব্যবস্থা।

সম্মেলনের কর্মসূচি অনুযায়ী, মঙ্গলবার দিনভর প্রায় ৩৭০টি অধিবেশন অনুষ্ঠিত হচ্ছে । এর মধ্যে জ্বালানি ও পরিবহনবিষয়ক অধিবেশন প্রায় ১৪০টি।

সরকারি আলোচনা ও উচ্চপর্যায়ের বৈঠকের জন্য নির্ধারিত ব্লু জোনে গুরুত্বপূর্ণ আয়োজনের মধ্যে রয়েছে আজারবাইজান, কাজাখস্তান ও উজবেকিস্তানের সবুজ জ্বালানি অংশীদারত্ববিষয়ক মন্ত্রী পর্যায়ের বৈঠক। এ ছাড়া সবুজ জ্বালানি নিরাপত্তা এবং ইউক্রেনের জ্বালানি রূপান্তর নিয়ে একটি প্যানেল আলোচনা ।

ব্লু জোনের অন্যান্য অধিবেশনে ভূরাজনৈতিক ঝুঁকির মধ্যে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা, জ্বালানি রূপান্তরে অর্থায়ন এবং নবায়নযোগ্য জ্বালানির অবকাঠামো সম্প্রসারণের বিষয়গুলো আলোচিত হচ্ছে ।

অন্যদিকে, সোমবার দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া গ্রিন জোনে টেকসই যাতায়াতব্যবস্থা, পরিচ্ছন্ন জ্বালানিতে বিনিয়োগ এবং শিল্প খাতের কার্বন নিঃসরণ কমানো নিয়ে আলোচনা হবে।

নির্ধারিত অধিবেশনগুলোর মধ্যে তুরস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টগ আয়োজিত ‘টেকসই যাতায়াতকে নতুনভাবে সংজ্ঞায়িত করা’ শীর্ষক একটি অনুষ্ঠানও হচ্ছে ।

এ ছাড়া টেকসই বিমান জ্বালানি, জ্বালানি সংরক্ষণ এবং টেকসই পরিবহনব্যবস্থায় কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা নিয়েও একাধিক প্যানেল বৈঠক হচ্ছে ।

সোমবার খাদ্য, কৃষি ও স্বাস্থ্য খাতকে গুরুত্ব দিয়ে কপ৩১-এর কার্যক্রম শুরু হয়। সেখানে নীতিনির্ধারক, আন্তর্জাতিক সংস্থা, ব্যবসাপ্রতিষ্ঠান এবং নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

আনতালিয়ায় ৯ থেকে ২০ নভেম্বর পর্যন্ত চলবে কপ৩১। সম্মেলনের লক্ষ্য কার্বন নিঃসরণ হ্রাস, জলবায়ু পরিবর্তনের সঙ্গে অভিযোজন এবং জলবায়ু অর্থায়ন নিয়ে বৈশ্বিক আলোচনা ও সমঝোতাকে আরও এগিয়ে নেওয়া।

এবার তুরস্কের এই সম্মেলন জমেছে বেশ । শুধু বিশ্ব পরিস্থিতি বিবেচনা‍য় এই পর্যটন শহরকে ঘিরে রাখা হয়েছে নিশ্চিদ্র নিরাপত্তায় । শহরবাসীরা তাদের পাড়ায় পাড়ায় প্রায় বন্দি জীবন কাটাচ্ছেন গেলো ২ দিন

এমন আরো সংবাদ

Back to top button