কপ৩১: ২০৩৫ সালের মধ্যে বৈশ্বিক বিদ্যুতের ব্যবহার ৩৫ শতাংশে উন্নীত করার আহ্বান
তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলনে (কপ৩১) বিশ্ব অর্থনীতিতে আগামী ৯ বছরে বিদ্যুতের ব্যবহার নাটকীয়ভাবে বৃদ্ধি করার জন্য সরকারগুলোর প্রতি জোর তাগিদ দেওয়া হয়েছে। জলবায়ু পরিবর্তনের ধাক্কা মোকাবেলা ও জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর পদক্ষেপ হিসেবে বিশ্বব্যাপী মোট জ্বালানি খরচে বিদ্যুতের অংশ বর্তমান ২৩ শতাংশ থেকে বাড়িয়ে ২০৩৫ সালের মধ্যে ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য রাখা হয়েছে। ‘৩৫ বাই ৩৫ গ্লোবাল ইলেকট্রিকফিকেশন প্লেজ’ নামে পরিচিত এই লক্ষ্যটি তুর্কি প্রেসিডেন্সির জলবায়ু পরিকল্পনার কেন্দ্রীয় স্তম্ভ। বর্তমানে তেল ও প্রাকৃতিক গ্যাসের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল পরিবহন খাত, ভবনের তাপ ব্যবস্থাপনা ও শিল্প কারখানার প্রক্রিয়াগুলোকে বৃহৎ পরিসরে বিদ্যুৎ চালিত ব্যবস্থায় রূপান্তর করাই এর মূল উদ্দেশ্য।
সম্মেলনের প্রেসিডেন্সি এই রূপান্তর প্রক্রিয়া ত্বরান্বিত করতে বিভিন্ন দেশের সরকার, ব্যবসায়ী প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থাগুলোকে একত্রিত করার জন্য বেশ কয়েকটি উদ্যোগ ঘোষণা করেছে। উলভো, উবার, আইকিয়া এবং সিমেন্সের মতো ১৮০ টিরও বেশি শীর্ষস্থানীয় বিশ্বখ্যাত কোম্পানি, যাদের যৌথ বার্ষিক আয় ১.৬৯ ট্রিলিয়ন ডলার, তারা দ্রুত বিদ্যুতায়নের এই দাবিকে সমর্থন জানিয়েছে। এর পাশাপাশি, বিদ্যুৎ পরিষেবা সংস্থাগুলোর একটি আন্তর্জাতিক জোট বিদ্যুৎ নেটওয়ার্ক, নবায়নযোগ্য জ্বালানি ও শক্তি সংরক্ষণে তাদের বার্ষিক বিনিয়োগের প্রতিশ্রুতি ১৪৮ বিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ১৫৬ বিলিয়ন ডলারে নিয়ে গেছে। তাছাড়া, উন্নয়নশীল দেশগুলোতে জীবাশ্ম জ্বালানির প্রযুক্তি পরিবর্তন ও বিদ্যুৎ অবকাঠামো সম্প্রসারণে বিনিয়োগ নিশ্চিত করতে একটি নতুন আন্তর্জাতিক অর্থায়ন জোট গঠন করা হচ্ছে, যেখানে ২০২৭ সাল থেকে বিশ্বব্যাংক এবং আফ্রিকান ডেভেলপমেন্ট ব্যাংক যৌথভাবে উদ্বোধনী সহ-সভাপতির দায়িত্ব পালন করবে।
কপ৩১-এর সভাপতি মুরাত কুরুম জানান, বর্তমান বিশ্ব জ্বালানি সংকট আমদানিকৃত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরশীল দেশগুলোর ভঙ্গুরতাকে উন্মোচিত করেছে। তিনি উল্লেখ করেন যে, শক্তি নিরাপত্তা, অর্থনৈতিক বৃদ্ধি এবং গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ক্ষেত্রে বিদ্যুতায়ন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তিনি মন্তব্য করেন, “বিদ্যুতের যুগ রূপ নিচ্ছে,” এবং যোগ করেন যে বিশ্ব যে ক্ষতিকর জ্বালানির সুইচ বন্ধ করে বিদ্যুৎ রূপান্তরের দিকে যাত্রা করেছে, সেই ঐতিহাসিক মুহূর্ত হিসেবেই কপ৩১ স্মরণীয় হয়ে থাকবে।
সম্মেলনে উপস্থাপিত নতুন এক আন্তর্জাতিক গবেষণার তথ্য অনুযায়ী, চলতি বছরে জীবাশ্ম জ্বালানি থেকে বিশ্বব্যাপী কার্বন ডাই অক্সাইড নির্গমন সামান্য হ্রাস পেতে পারে, যার প্রধান কারণ ইরানে চলমান যুদ্ধ এবং বিশ্ববাজারে তেলের আকাশচুম্বী দামের ফলে চাহিদা হ্রাস। তবে বিজ্ঞানীরা সতর্ক করে দিয়েছেন যে, নির্গমনের এই পতন সাময়িক হতে পারে এবং এর অর্থ এই নয় যে বিশ্বব্যাপী নির্গমন চূড়ান্ত শীর্ষে পৌঁছে কমতে শুরু করেছে। ১৪০ জনেরও বেশি বিজ্ঞানীর সমন্বয়ে গঠিত গবেষণা সংস্থা ‘গ্লোবাল কার্বন প্রজেক্ট’-এর সর্বশেষ মূল্যায়নে অনুমান করা হয়েছে যে, চলতি বছরে জীবাশ্ম জ্বালানি নির্গমন ০.৪ শতাংশ কমে ৩৮.২ বিলিয়ন টনে দাঁড়াবে। গত বছরের রেকর্ড উচ্চতার পর ২০২০ সালের কোভিড-১৯ মহামারীর পর এটিই প্রথম বার্ষিক পতন।
গবেষকদের মতে, এই হ্রাসের নেপথ্যে দুটি প্রধান কারণ কাজ করছে। প্রথমত, মার্কিন-ইসরায়েল ও ইরান যুদ্ধের পর তেলের চড়া দামের ফলে জ্বালানি তেলের ব্যবহার কমেছে। দ্বিতীয়ত, নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদন এবং বৈদ্যুতিক যানবাহনের (EV) অতি দ্রুত প্রসার, যা বৈশ্বিক জীবাশ্ম জ্বালানির চাহিদায় উল্লেখযোগ্য প্রভাব ফেলতে শুরু করেছে। ইউনিভার্সিটি অব ইস্ট অ্যাংলিয়ার জলবায়ু বিজ্ঞানী এবং গ্লোবাল কার্বন প্রজেক্টের গবেষক অধ্যাপক করিন লে কেরে এই ফলাফলকে সতর্ক আশাবাদের ভিত্তি হিসেবে বর্ণনা করে বলেন, “চলতি বছরে জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কার্বন ডাই অক্সাইডের বৈশ্বিক নির্গমন কমতে যাচ্ছে। এটি সুসংবাদ হতে পারতো, কিন্তু আংশিকভাবে এটি ঘটেছে পেট্রোল ও তেলের চড়া দামের কারণে। জলবায়ু পরিবর্তনের সমাধানের জন্য এটি স্থায়ী বা টেকসই কোনো পথ নয়।”
গবেষকরা হিসাব করে দেখেছেন যে, এ বছর তেল ব্যবহার থেকে নির্গমন ১.৯ শতাংশ এবং প্রাকৃতিক গ্যাস থেকে ০.৩ শতাংশ হ্রাস পাবে, যদিও কয়লা থেকে নির্গমন ০.৬ শতাংশ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। অধ্যাপক লে কেরে জোর দিয়ে বলেন যে, তেলের দাম বাড়ার কারণে চাহিদা কমার চেয়ে সৌর ও বায়ু শক্তি এবং বৈদ্যুতিক গাড়ির প্রসারের প্রভাব নির্গমন হ্রাসে অনেক বেশি ভূমিকা রাখছে।
গবেষণায় আরও উঠে এসেছে যে, সৌর ও বায়ু শক্তি এবং বৈদ্যুতিক যানবাহনের দ্রুত বৃদ্ধি বর্তমানে বর্ধিত বৈশ্বিক জ্বালানি চাহিদার ফলে উৎপন্ন হতে যাওয়া অতিরিক্ত নির্গমনের একটি বড় অংশ পুষিয়ে দিচ্ছে। লে কেরে উল্লেখ করেন যে, এই পরিবেশবান্ধব প্রযুক্তির বিস্তারে চীন বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যেখানে নবায়নযোগ্য বিদ্যুৎ ও বৈদ্যুতিক যানবাহনের মাধ্যমে বিশ্বব্যাপী রোধ করা নির্গমনের প্রায় অর্ধেক অবদান তাদের। তবে জীবাশ্ম জ্বালানি নির্গমন হ্রাসের পূর্বাভাস সত্ত্বেও বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে, ভূমির পরিবর্তনসহ সার্বিক বৈশ্বিক কার্বন ডাই অক্সাইড নির্গমন এখনও ঊর্ধ্বমুখী।



