
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) লেদার ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র আসাদুল্লাহ আল গালিবের গল্পটি হার না মানা এক সংগ্রামের। কুয়েটের প্রথম বর্ষে পড়ার সময় বাবার ওপর আর্থিক চাপ কমাতে প্রতিদিনের সকালের নাস্তা বাদ দিয়ে ৩০ টাকা করে বাঁচাতেন তিনি। সেই অভাবী গালিব আজ ফ্রিল্যান্সিং জগতে এক লাখ ডলারের বেশি আয় করে বিশ্বজুড়ে বাংলাদেশের নাম উজ্জ্বল করছেন।
রাজশাহীর পুঠিয়া উপজেলার এক সাধারণ কৃষক পরিবার থেকে উঠে আসা গালিব বিসিএস বা করপোরেট চাকরির নিশ্চিত আরাম ছেড়ে বেছে নিয়েছিলেন ফ্রিল্যান্সিংয়ের চ্যালেঞ্জিং পথ। একটি পুরনো ল্যাপটপ নিয়ে শুরু করা সেই যাত্রায় আজ তিনি আপওয়ার্কে ‘টপ রেটেড প্লাস’ এবং ফাইভআরে ‘প্রো ভেরিফায়েড’ ফ্রিল্যান্সার। বর্তমানে মাসে গড়ে দেড় থেকে দুই লাখ টাকা আয়ের পাশাপাশি তিনি ১০-১২ জন তরুণের কর্মসংস্থানও তৈরি করেছেন।
গালিব জানান, “আমি শুধু চাকরিজীবী হতে চাইনি, চেয়েছি কর্মসংস্থান সৃষ্টিকারী হতে।” তার পরবর্তী লক্ষ্য নিজের ডিজিটাল মার্কেটিং এজেন্সির মাধ্যমে অন্তত এক হাজার মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা। মেধা, সততা আর অদম্য ইচ্ছাশক্তি থাকলে যে বিশ্ব জয় সম্ভব, আসাদুল্লাহ আল গালিব আজ সেই অনুপ্রেরণার নাম।



