প্রবাসে বাঙালির শারদীয় আবহ ছড়িয়ে দিতে অস্ট্রেলিয়ার সিডনিতে সাড়ম্বরে অনুষ্ঠিত হলো ‘আভা মহালয়া ও মেলা ২০২৬’। গত ১০ অক্টোবর অস্ট্রেলিয়ান বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশনের (আভা) উদ্যোগে ব্ল্যাকটাউনের মারায়ং সাউথ পাবলিক স্কুলে দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন ডা. অপর্ণা গোস্বামী।
দিনব্যাপী এ আয়োজনে ছিল নাচ-গান, ফ্যাশন শো, চিলড্রেন ফেস পেইন্টিং ও নারীদের বিনামূল্যে আলতা পরানোর ব্যবস্থা। ‘শিবগর্জনা সিডনি’র ঢোল-তাসার ধ্বনি উৎসবের আবহ বাড়ায়। বিকেলে কাকলি মুখার্জীর নেতৃত্বে বিশেষ মহালয়া অনুষ্ঠান এবং সন্ধ্যায় বর্ণাঢ্য সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ব্ল্যাকটাউন সিটি কাউন্সিলের কাউন্সিলর ও রিভারস্টোন আসনে লিবারেল পার্টির প্রার্থী মোহিত কুমার এবং হিন্দু কাউন্সিল অব অস্ট্রেলিয়ার জাতীয় সভাপতি সাই পারাভাস্তু অতিথি হিসেবে অংশ নেন। তাঁদের সম্মাননা প্রদানের পাশাপাশি স্টল পরিচালকদের প্রশংসাপত্র তুলে দেওয়া হয়।
আভার সভাপতি সমীর সরকার ও সম্পাদক দেবব্রত বিকাশ সাহার সার্বিক তত্ত্বাবধানে উৎসবটি আয়োজিত হয়। সভাপতি সমীর সরকার জানান, প্রবাসে এরূপ আয়োজন সৌহার্দ্য বাড়ায় এবং নতুন প্রজন্মকে ঐতিহ্যের সাথে যুক্ত করে। আগামী ১৭ অক্টোবর আভার মূল শারদীয় উৎসবে অংশ নেওয়ার আমন্ত্রণের মধ্য দিয়ে মেলা শেষ হয়।



