
অস্ট্রেলিয়ার সিডনিতে উৎসবমুখর, ভক্তিময় ও আবেগঘন পরিবেশে দশমবারের মতো মহালয়া উদ্যাপন করেছে বাংলাদেশ পূজা অ্যাসোসিয়েশন (বিপিএ)। রোববার (৪ অক্টোবর) নিউ সাউথ ওয়েলসের সিডনির রোজলিয়া কমিউনিটি সেন্টারে এ উপলক্ষে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিপুলসংখ্যক প্রবাসী বাঙালির উপস্থিতিতে আয়োজনটি ধর্মীয় আবহ, সংস্কৃতি এবং সামাজিক মিলনমেলায় রূপ নেয়।

শারদীয় দুর্গোৎসবের আগমনী বার্তা নিয়ে আয়োজিত অনুষ্ঠানে চণ্ডীপাঠ, সংগীত ও মঞ্চ পরিবেশনার মাধ্যমে দেবীপক্ষের চিরায়ত আবহ ফুটিয়ে তোলা হয়। অনুষ্ঠানে বিপিএ-র প্রেসিডেন্ট উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে মহালয়ার ইতিহাস এবং প্রবাসে সংগঠনের পথচলার সংক্ষিপ্ত বিবরণ তুলে ধরেন। উল্লেখ্য, ২০১৬ সালে সিডনির কোগারাহ স্কুল অব আর্টসে প্রথম মহালয়া আয়োজনের মাধ্যমে যাত্রা শুরু করে বিপিএ। ২০২৬ সালে সংগঠনটি তাদের দশম মহালয়া উদ্যাপনের মাইলফলক স্পর্শ করল।

এবারের অনুষ্ঠানটি সুমিতা দে ও অনুপম গোস্বামীর পরিকল্পনা ও পরিচালনায় মঞ্চস্থ হয়। প্রধান আকর্ষণ ছিল জ্যোতি বিশ্বাসের সুললিত কণ্ঠে চণ্ডীপাঠ, যেখানে তবলায় সহযোগিতা করেন জন্মেজয় রায়। গভীর আধ্যাত্মিক আবহ ও শাস্ত্রীয় পরিবেশনা উপস্থিত দর্শক-শ্রোতাদের মুহূর্তেই বাংলার শরতের চিরচেনা আমেজে ফিরিয়ে নিয়ে যায়।
সিডনিতে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাঙালির ধর্মীয় আচার, সংস্কৃতি ও ঐতিহ্যকে পরিচিত করিয়ে দেওয়াই ছিল এই আয়োজনের অন্যতম মুখ্য উদ্দেশ্য। সিডনির বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রবাসী বাঙালিরা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আসন্ন দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিপিএ-র সেক্রেটারি দিবাকর সমদ্দার উপস্থিত অতিথি, শিল্পী, কলাকুশলী, স্বেচ্ছাসেবক ও সহকর্মীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার কারণেই এক দশকের এই ধারা সাফল্যমণ্ডিত হয়েছে। চণ্ডীপাঠ ও আগমনী সুরের মধ্য দিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসবকে স্বাগত জানিয়ে শেষ হয় প্রবাসের এই ঐতিহ্যবাহী আয়োজন।



