গাড়ি চালক থেকে সফল ফলচাষি মিজানুর
একসময় গাড়ির স্টিয়ারিং হাতে ছুটে বেড়াতেন মিজানুর রহমান। সারাদিনের ব্যস্ততার পরও মনে ছিল নিজের কিছু করার স্বপ্ন। শুধু নিজের ভাগ্য বদল নয়, এলাকার মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরির ইচ্ছাও ছিল তার। সেই স্বপ্ন থেকেই ২০২১ সালে শুরু করেন মিশ্র ফলের চাষ। শুরুতে ছিল নানা সীমাবদ্ধতা, ছিল অভিজ্ঞতার ঘাটতিও। তবে ধৈর্য, পরিশ্রম আর কৃষির প্রতি ভালোবাসায় ধীরে ধীরে গড়ে তোলেন তিনটি ফলের বাগান। এখন আড়াই বিঘা জমিতে নানা জাতের ফলের সমারোহ, সঙ্গে রয়েছে উন্নত জাতের ফলের চারা বিক্রির উদ্যোগও।
মাগুরার মহম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়নের ছোট কলধারী গ্রামের মো. মিজানুর রহমান পেশায় একজন গাড়িচালক। এর পাশাপাশি কৃষিকাজকে নিজের স্বপ্ন ও আয়ের অন্যতম মাধ্যম হিসেবে বেছে নিয়েছেন তিনি। নিজের উদ্যোগ ও শ্রমে গড়ে তুলেছেন তিনটি মিশ্র ফলের বাগান।
বাগানে একইসঙ্গে চাষ হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের ফল। ভিয়েতনামি মাল্টা, ১২ মাসি মাল্টা, মাল্টা পয়সা বারি-১, বাউ-৩ ভিয়েতনামি জাত, চায়না ও দার্জিলিং কমলা, বেদানা বারি-৪ ও বারি-৭, পেঁপে এবং বিভিন্ন জাতের লেবুসহ নানা ধরনের ফল রয়েছে বাগানে।
ইতোমধ্যে বেশ কিছু গাছে এসেছে ফল। সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলে থাকা মাল্টা, কমলা, বেদানা ও অন্যান্য ফল যেন মিজানুর রহমানের দীর্ঘদিনের পরিশ্রমেরই প্রতিচ্ছবি। ফলন বাড়ার সঙ্গে সঙ্গে স্থানীয় বাজারেও এসব ফলের চাহিদা তৈরি হয়েছে। স্থানীয় ফলের বাগান, বিভিন্ন হাট-বাজার ও বড় মোকামে বিক্রি হচ্ছে তার বাগানের ফল।
শুধু ফল উৎপাদনেই থেমে থাকেননি মিজানুর রহমান। বিভিন্ন উন্নত জাতের ফলের চারা উৎপাদন ও বিক্রিও করছেন তিনি। এতে একদিকে যেমন নিজের আয় বাড়ছে, অন্যদিকে আশপাশের কৃষকরাও উন্নত জাতের ফলের চারা সংগ্রহের সুযোগ পাচ্ছেন।
মিজানুর রহমান বলেন, মানুষের ফলের চাহিদা পূরণের পাশাপাশি স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং নিজের জীবিকা নিশ্চিত করার লক্ষ্যেই ফলের বাগান করার উদ্যোগ নিয়েছি। শুরুতে অনেক প্রতিবন্ধকতা ছিল। নতুন নতুন জাতের ফল সম্পর্কে জানতে হয়েছে, গাছের পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণ নিয়েও অভিজ্ঞতা অর্জন করতে হয়েছে। ধীরে ধীরে অভিজ্ঞতা ও পরিশ্রমের মাধ্যমে বাগান বড় করেছি।



