র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন রুনা খান
এশিয়ার নোবেলখ্যাত র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেয়েছেন বাংলাদেশের রুনা খান। তিনি বেসরকারি সংস্থা ফ্রেন্ডশিপের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক। আজ সোমবার (৩১ আগস্ট) রুনা খানসহ তিনজনের নাম ঘোষণা করা হয়। অন্যরা হলেন–সিঙ্গাপুরের টমি কোহ ও মিয়ানমারের বো চি।
২০০২ সালে ফ্রেন্ডশিপ প্রতিষ্ঠা করেন রুনা খান। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা হয়েছে, ফ্রেন্ডশিপ একটি আন্তর্জাতিক সামাজিক উদ্দেশ্যভিত্তিক সংস্থা (এসপিও)। প্রতিষ্ঠানটির লক্ষ্য এমন একটি বিশ্ব গড়ে তোলা, যেখানে সবাই, বিশেষ করে যাঁদের কাছে পৌঁছানো কঠিন, যাঁদের প্রয়োজনের বিষয়টি উপেক্ষিত, তাঁরা মর্যাদা ও আশা নিয়ে বেঁচে থাকার সমান সুযোগ পাবেন। সংস্থাটি সামাজিক সমস্যা মোকাবিলা করে। তারা যেসব জনগোষ্ঠীর জন্য কাজ করে, তাদের স্বার্থকে সব সময় অগ্রাধিকার দেয়। ২০ বছরের বেশি সময় ধরে ফ্রেন্ডশিপের লক্ষ্য প্রায় অপরিবর্তিত রয়েছে। গুরুত্বপূর্ণ সেবা থেকে বঞ্চিত হওয়া, পরিবেশগত সংকট, চরম দারিদ্র্য, বৈষম্য ও অবিচারের মতো ক্রমবর্ধমান বৈশ্বিক চ্যালেঞ্জের মুখে প্রতিষ্ঠানটির এই লক্ষ্য এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রাসঙ্গিক।
এ পুরস্কার ঘোষণার মধ্য দিয়ে এবার ৬৮তম র্যামন ম্যাগসাইসাই পুরস্কার উৎসবের আনুষ্ঠানিক সূচনা হলো। এ উৎসবের সমাপনী পর্বে আগামী ১৫ নভেম্বর ম্যানিলায় পুরস্কারজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।
ফ্রেন্ডশিপের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দুই দশকের বেশি সময় ধরে প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সমন্বিত, সামগ্রিক ও স্থানীয় বাস্তবতাভিত্তিক উন্নয়ন সমাধান গড়ে তোলায় নেতৃত্ব, সাহস ও মানবিক দৃষ্টিভঙ্গির স্বীকৃতি হিসেবে রুনা খান এ সম্মাননা পেলেন।
র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন জানিয়েছে, নেতৃত্বের চিরস্থায়ী মূল্যবোধের প্রতিফলন ঘটিয়ে মানুষের সেবা এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণে কাজ করার জন্য রুনা খানকে নির্বাচিত করা হয়েছে। বিশেষ করে প্রান্তিক মানুষকে নিজেদের ভবিষ্যৎ নিজেরাই গড়ে নেওয়ার সক্ষমতা তৈরিতে তার ভূমিকা পুরস্কার কমিটির বিবেচনায় গুরুত্বপূর্ণ ছিল।
১৯৫৭ সালের ১৭ মার্চ বিমান দুর্ঘটনায় র্যামন ম্যাগসাইসাইয়ের মৃত্যুর পর একই বছর তার স্মৃতি রক্ষায় র্যামন ম্যাগসাইসাই অ্যাওয়ার্ড ফাউন্ডেশন প্রতিষ্ঠিত হয়। ১৯৫৮ সাল থেকে নিয়মিত এ পুরস্কার দেওয়া হচ্ছে। প্রতিবছর ৩১ আগস্ট ম্যাগসাইসাইয়ের জন্মদিনে পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।



