কিসমত ভাই চলে গেলেন
আজ রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর মৃত্যুর খবরটি দেখলাম। কিছু সময় স্তম্ভিত হয়ে রইলাম। অনেক দিন হয় ভাইয়ের সাথে দেখা নেই, যোগাযোগ নেই। হঠাৎ তাঁর প্রয়াণের খবরটি মেনে নিতে পারছিলাম না। কিসমত খন্দকার ভাইয়ের সাথে আমার পরিচয় ৩৫ বছর আগে। উনি তখন মির্জাপুর কলেজের অর্থনীতি বিভাগের শিক্ষক। দৈনিক খবর পত্রিকার মির্জাপুর সংবাদদাতা। সেই সাথে ফটোগ্রাফী, ভিডিওগ্রাফী, সাংস্কৃতিক কর্মকাণ্ড, যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে রাজপথে মিছিল সমাবেশসহ নানা সামাজিক কাজে ব্যস্ত থাকতেন।
১৯৯২ সালে আমি দৈনিক খবরের টাঙ্গাইল জেলা সংবাদদাতা পদে নিয়োগ পাই। কিসমত ভাই আমাকে কাজের ক্ষেত্রে নানান পরামর্শ দিতেন। মনে পড়ে কতো বার গিয়েছি উনাদের মির্জাপুর কলেজ রোডের বাড়িতে। তিনতল ভবনের ছাদের উপর ছিল একটি চিলেকোঠা। সেখানেই বাস করতেন কিসমত ভাই। অসংখ্য বই। ক্যামেরা, লেন্স, অগোছালো জামাকাপড় এ নিয়ে ছিল তাঁর সংসার।
সে সময় মুঠোফোন, ইন্টারনেট ছিল না। তারপরও উপজেলা শহরে বসেই কিসমত ভাইয়ের সারা দেশের মানুষের সাথে ছিল সম্পর্ক। ব্যারিস্টার শওকত আলী খান, খবর সম্পাদক মিজানুর রহমান, হানিফ সংকেত, আরো কত কবি, সাহিত্যিক, তারকা অভিনেতা, আলোকচিত্র শিল্পীর সঙ্গে ছিল সখ্যতা। মির্জাপুরের কুমুদিনী কল্যান সংস্হার সকল অনুষ্ঠানে উনার সরব উপস্হিতি থাকতো।
প্রথম এসএলআর ক্যামেরা উনার কাছেই দেখি। উনি আমাকে চেনান লেন্স, ভিউফাইন্ডার, অ্যাপারচার। ফটোগ্রাফীর প্রতি আগ্রহ জন্মে কিসমত ভাইয়ের মাধ্যমে। মনে পড়ে তখন একমাত্র টেলিভিশন চ্যানেল ছিল বাংলাদেশ টেলিভিশন। সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ছিল ‘ইত্যাদী।’সেই ইত্যাদী অনুষ্ঠানে তিনি হোম ভিডিও বিভাগে পুরস্কার জিতেছিলেন।
উনার ঘরে বসবাসকারী কিছু ইঁদুরের রাতের কাজকর্ম (উনারি বইপত্র, পোশাক কেঁটে খাওয়ার দৃশ্য ধারণ করেছিলেন। পরে নিজের কন্ঠেই ইঁদুরদের মধ্যে কথোপকথন জুড়ে দেন।) সেটি ছিল অনেক মজার একটি কনটেন্ট। তা ছাড়া ১৮৮৭ বা ৮৮ সালের দিকে মির্জাপুর গ্রামের একজন বয়স্ক ভদ্রলোকের সাথে শেয়ালের সম্পর্ক গড়ে উঠে। ওই ভদ্রলোক বা তাঁর স্ত্রী উঠান থেকে ‘দাদু, দাদু,দাদু…..’ বলে ডাক দিলেই পাশের জঙ্গল থেকে শিয়ালের দল চলে আসতো। উনারা কিছু খাবার দিতেন। পরে চলে যেতে বললে আবার শিয়ালগুলো জঙ্গলে ফিরে যেতেন।
এ নিয়েও তিনযুগ আগে কিসমত ভাই ভিডিঁও কনটেন্ট তৈরি করেছিলেন। যা বিটিভিতে প্রচার হয়েছিল। এমন অনেক ছোট ছোট ভাল কাজ, ব্যতিক্রম কাজ, জনকল্যানমূলক কাজ করে গেছেন সারাটা জীবন। যার যোগফল অনেক বিশাল। ছোট এই মানবজীবনে যা বেশিরভাগ মানুষের পক্ষেই অর্জন করা সম্ভব না।
কিসমত ভাই এক সময় ঢাকায় চলে যান। সেখানেও সাংবাদিকতা শুরু করেন। দলমত নির্বিশেষে সংবাদিক মহলে তিনি ছিলেন সবার প্রিয়। কিসমত ভাইয়ের সাথে অনেক স্মৃতি যা সারাদিন রাত লিখে শেষ করা যাবে না। সর্বশেষ উনার সাথে আমার দেখা হয় মির্জাপুর প্রেসক্লাবে। সেদিন জাতীয় সংসদের মির্জাপুর আসনের উপনির্বাচন ছিল। কাজের ফাঁকে অনেক কথা হলো, স্মৃতিচারণ হলো। বলেছিলেন একদিন টাঙ্গাইল আসবেন। সারাদিন আড্ডা দিবেন, ঘুরবেন, সবার সাথে দেখা সাক্ষাত করবেন।
কিন্তু কিসমত ভাইয়ের আর আসা হলো না। উনার সরব উপস্হিতি আমাদের মাঝে আর নেই। আজ সমাহিত করার পর স্বশরীরেও তিনি থাকবেন না। কিন্তু উনি বেঁচে থাকবেন আমাদের চিন্তায়, স্মৃতিতে সব সময়। সব অবস্হায়।
কিসমত ভাইয়ের প্রতি রইল গভীর শ্রদ্ধা।
লেখক : সাংবাদিক কামনাশীষ শেখর



