স্বাস্থ্য

দেশে হামের প্রাদুর্ভাব রোধে সমন্বিত উদ্যোগ ও সচেতনতার বিকল্প নেই: বিশেষজ্ঞগণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম পরিস্থিতি নিয়ে সেমিনার ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত
ব্র্যাক ইউনিভার্সিটিতে হাম পরিস্থিতি নিয়ে সেমিনার ও পোস্টার প্রদর্শনী অনুষ্ঠিত

বাংলাদেশে চলমান হাম পরিস্থিতি মোকাবিলায় নিয়মিত টিকাদান জোরদার, গবেষণাভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ এবং সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। ১৯ জুলাই ব্র্যাক ইউনিভার্সিটির অডিটোরিয়ামে স্কুল অব লাইফ সায়েন্সেসের মাইক্রোবায়োলজি বিভাগ এবং মাইক্রোবায়োলজি স্টুডেন্ট কাউন্সিল আয়োজিত “দ্য রিসার্জেন্স অফ মিজেলস: রিসেন্ট আউটব্রেকস ইন বাংলাদেশ অ্যান্ড দ্য পাথ ফরোয়ার্ড” শীর্ষক সেমিনারে এ আহ্বান জানানো হয়।

সেমিনারে আইইডিসিআর-এর সাবেক পরিচালক প্রফেসর ড. মাহমুদুর রহমান উচ্চ টিকাদান কভারেজ ও টিকার প্রতি আস্থা তৈরির তাগিদ দেন। বারডেম হাসপাতালের শিশু বিভাগের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর ড. আবিদ হোসেন মোল্লা দ্রুত রোগ শনাক্তকরণ ও জটিলতা কমানোর ওপর জোর দেন। আইসিডিডিআর,বি-এর সিনিয়র সায়েন্টিস্ট ড. মোস্তাফিজুর রহমান বর্তমান প্রাদুর্ভাবের কারণ ও ভাইরাসের রূপ বুঝতে গবেষণার গুরুত্ব তুলে ধরেন।

ব্র্যাক ইউনিভার্সিটির প্রো-ভাইস-চ্যান্সেলর প্রফেসর আরশাদ মাহমুদ চৌধুরী সর্বাত্মক সচেতনতা এবং বিভিন্ন খাতের মধ্যে পারস্পরিক সহযোগিতার আহ্বান জানান। স্কুল অব লাইফ সায়েন্সেসের অ্যাসিস্ট্যান্ট ডিন প্রফেসর ড. অপর্ণা ইসলামের স্বাগত বক্তব্যের পর একটি প্যানেল আলোচনা পরিচালনা করেন মাইক্রোবায়োলজি বিভাগের চেয়ারপারসন ড. নাদিয়া সুলতানা দীন। সেমিনারে শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি হাম সচেতনতা বিষয়ক পোস্টার প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

এমন আরো সংবাদ

Back to top button