শহীদ জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে দায়িত্ব শুরু করলেন ইয়াছিন ফেরদৌস মুরাদ
শহীদ জিয়ার আদর্শে ঢাকা জেলাকে সাজাতে চান নতুন প্রশাসক ইয়াছিন ফেরদৌস মুরাদ

ঢাকা জেলা পরিষদের নতুন প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ও ধামরাইয়ের কৃতি সন্তান ইয়াছিন ফেরদৌস মুরাদ। গত ৩১ মার্চ স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির পর আজ শনিবার (৪ এপ্রিল) দুপুরে শেরে বাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
এ সময় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম উপস্থিত ছিলেন। শ্রদ্ধা নিবেদন শেষে ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, “শহীদ জিয়ার আদর্শে উদ্বুদ্ধ হয়ে এবং দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে আমি সততার সাথে কাজ করব। বিগত আওয়ামী সরকারের আমলে জেল-জুলুম সহ্য করেও রাজপথে ছিলাম; আজ দল আমাকে যে সম্মান দিয়েছে, তার প্রতিদান দেব ঢাকা জেলাকে একটি আধুনিক ও বৈষম্যহীন জনপদ হিসেবে গড়ে তোলার মাধ্যমে।”
উল্লেখ্য, ইয়াছিন ফেরদৌস মুরাদ এর আগে ঢাকা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে রাজপথ কাঁপানো ভূমিকা পালন করেছেন। ত্যাগী ও যোগ্য নেতা হিসেবে তাকে প্রশাসক নিয়োগ দেওয়ায় ধামরাইসহ পুরো জেলায় আনন্দের জোয়ার বইছে।
প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, আগামী স্থানীয় সরকার নির্বাচনে কোনো দলীয় প্রতীক থাকবে না এবং যোগ্য নেতাদের মাধ্যমেই তৃণমূলের উন্নয়ন নিশ্চিত করা হবে।



