দেশহাইলাইটস

আইসিএপিপির অধিবেশনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপির ইসমাইল জবিউল্লাহ

 আইসিএপিপির অধিবেশনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলেন বিএনপির ইসমাইল জবিউল্লাহ। ফাইল ছবি এশিয়ার রাজনৈতিক দলগুলোর সর্ববৃহৎ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অব এশিয়ান পলিটিক্যাল পার্টিজ’ (আইসিএপিপি)-এর ১৩তম সাধারণ অধিবেশনে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

দক্ষিণ কোরিয়ার সিউলে ‘দ্য শিলা সিউল’ হোটেলে আয়োজিত এই সম্মেলনে ক্ষমতাসীন মিনজু পার্টি ও বিরোধী দল পিপল পাওয়ার পার্টির যৌথ পরিচালনায় অনুষ্ঠিত প্রথম প্ল্যানারি সেশনে বক্তব্য রাখেন তিনি। বক্তব্যে তিনি বিশ্বব্যাপী রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও আস্থার সংকট মোকাবিলায় গণতন্ত্র, সুশাসন, আইনের শাসন এবং আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।

ইসমাইল জবিউল্লাহ বলেন, গণতন্ত্র কেবল নির্বাচনি প্রক্রিয়া নয়, এটি জবাবদিহিতা ও মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধাশীলতার সামাজিক চুক্তি। ফিলিস্তিনসহ মধ্যপ্রাচ্যের মানবিক বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি আন্তর্জাতিক নীতি কোনো বৈষম্য ছাড়াই সবার ক্ষেত্রে সমানভাবে প্রয়োগের দাবি জানান।

এ ছাড়া তিনি কোনো দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বহিরাগত হস্তক্ষেপ বন্ধে ব্যবস্থা গ্রহণ, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ঝুঁকি মোকাবিলায় অভিন্ন কৌশলগত নীতিপত্র প্রণয়ন, জলবায়ু অর্থায়নে ন্যায্যতা নিশ্চিত করা এবং তরুণদের মানসিক স্বাস্থ্য সুরক্ষায় আইসিএপিপিকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান।

আগামী ৬ নভেম্বর পর্যন্ত চলা এই সম্মেলনে বাংলাদেশের বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

এমন আরো সংবাদ

Back to top button