দুবাইয়ে প্রথম সচিব (প্রেস) মো. আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতে কর্মরত সাংবাদিকদের সমন্বিত ফোরামের উদ্যোগে বাংলাদেশ কনসুলেট জেনারেল দুবাইয়ের প্রথম সচিব (প্রেস) জনাব মোঃ আরিফুর রহমানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় দুবাইয়ের আল মতিনা রয়েল নাইট রেস্টুরেন্টের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রবাসী সাংবাদিক সমিতির সভাপতি সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে এবং ইত্তেফাক প্রতিনিধি এস. এম. ফয়জুল্লাহ শহীদের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন গাজী টিভির ফখরুদ্দিন মুন্না। অনুষ্ঠানে বক্তব্য দেন নাসিম উদ্দিন আকাশ, নওশের আলী, ওবায়দুল হক মানিক, মোহাম্মদ সেলিম, মাসুম বিল্লাহ রায়হান, মোঃ মনির হোসেন, আবুল কালাম, মো. আলিনুর, শরীয়ত উল্লাহ সবুজ, সাইদুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে দুবাই ও উত্তর আমিরাতের বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী এই কর্মকর্তার কর্মময় জীবনের স্মৃতিচারণ করেন।
বক্তারা বলেন, জনাব মোঃ আরিফুর রহমান তার দায়িত্ব পালনকালে অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার পরিচয় দিয়েছেন। প্রবাসীদের সমস্যা এবং বাংলাদেশের উন্নয়নমূলক কর্মকাণ্ড গণমাধ্যমে তুলে ধরতে তার অগ্রণী ভূমিকা ও সাংবাদিকদের সাথে তার সমন্বয় ছিল প্রশংসনীয়। একজন গণমাধ্যমবান্ধব কর্মকর্তা হিসেবে তিনি প্রবাসে বাংলাদেশের ইতিবাচক ভাবমূর্তি গড়তে বিশেষ অবদান রেখেছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দ জনাব মোঃ আরিফুর রহমানের ভবিষ্যৎ জীবনের উত্তরোত্তর সাফল্য, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করেন। একইসাথে তারা আশা প্রকাশ করেন যে, পরবর্তী কর্মস্থলেও তিনি তার দক্ষতা ও দেশপ্রেমের স্বাক্ষর রাখবেন।
অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিক ফোরামের প্রতিনিধিরা বলেন, “আরিফুর রহমান সাহেব শুধুমাত্র একজন সরকারি কর্মকর্তাই নন, বরং তিনি ছিলেন সাংবাদিকদের একজন প্রকৃত বন্ধু। তার প্রস্থান আমাদের জন্য একটি শূন্যতা তৈরি করলেও, তার রেখে যাওয়া আদর্শ আমাদের কাজে অনুপ্রেরণা জোগাবে।”
উল্লেখ্য, জনাব আরিফুর রহমান তার নির্ধারিত মেয়াদ সফলভাবে সম্পন্ন করে পরবর্তী নতুন দায়িত্বের উদ্দেশ্যে দুবাই ত্যাগ করছেন। সংবর্ধনা শেষে সমন্বিত সাংবাদিক ফোরামের পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা স্মারক ও ফুলের তোরা দিয়ে শুভেচ্ছা জানানো হয়।



