জলবায়ু পরিবর্তনলিড নিউজ

তারেক রহমান আজ তুরস্কে পৌঁছবেন

কপ৩১ সম্মেলনে জলবায়ু ন্যায়বিচারের জোরালো দাবি জানাবে বাংলাদেশ

এম আর জান্নাত স্বপন, কপ৩১ ভেন্যু, আনাতালিয়া (তুরস্ক) থেকে:জাতিসংঘের ৩১তম জলবায়ু পরিবর্তনবিষয়ক শীর্ষ সম্মেলন ‘কপ৩১’-এ যোগ দিতে আজ মঙ্গলবার (১০ নভেম্বর ২০২৬) স্থানীয় সময় বিকেলে আনাতালিয়ায় পৌঁছবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর আগে সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইনসের একটি বিশেষ ফ্লাইটে প্রধানমন্ত্রী, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং উচ্চপর্যায়ের প্রতিনিধি দল তুরস্কের উদ্দেশে যাত্রা করেন। বিমানবন্দরে তাঁকে বিদায় জানান অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সরকারের উচ্চপদস্থ মন্ত্রী ও কর্মকর্তারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে রয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও শামা ওবায়েদ ইসলামসহ সরকারের অন্যান্য নীতি-নির্ধারক।

কপ৩১ সম্মেলনের দ্বিতীয় দিনে আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে শক্তি নিরাপত্তা, বিদ্যুতায়ন এবং টেকসই জ্বালানি ব্যবস্থাপনা নিয়ে বিশ্বনেতাদের আলোচনা শুরু হয়েছে। আগামীকাল ও পরশু আয়োজিত মূল বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ১২ নভেম্বর সম্মেলনের মূল পূর্ণাঙ্গ অধিবেশনে ভাষণ দেবেন। সেখানে জলবায়ু পরিবর্তনের মারাত্মক ঝুঁকিতে থাকা দেশ হিসেবে ‘জলবায়ু ন্যায়বিচার’ এবং উন্নত দেশগুলোর প্রতিশ্রুতি পালনের জোরালো দাবি জানাবে বাংলাদেশ।

সম্মেলনের ফাঁকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ, উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাভকাত মির্জিয়োয়েভ এবং যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে একাধিক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এই সফর আন্তর্জাতিক জলবায়ু কূটনীতি ও ভূ-রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।

এমন আরো সংবাদ

Back to top button