সেন্ট মার্টিনের আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের দাবি
অব্যবস্থাপনায় ম্লান সৌন্দর্য, ক্ষোভ জানালেন সালাহউদ্দিন সুমন
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বর্তমান বেহাল দশা ও অব্যবস্থাপনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ট্রাভেল ভ্লগার সালাহউদ্দিন সুমন। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে তিনি দ্বীপের সংস্কারহীন অবকাঠামো এবং সরকারের উদাসীনতা নিয়ে সরাসরি প্রশ্ন তোলেন।
সুমন জানান, দীর্ঘ ১০ মাস দ্বীপটি পর্যটকদের জন্য বন্ধ থাকলেও জেটির ভাঙা রেলিং বা জরাজীর্ণ স্থাপনার কোনো উন্নয়ন হয়নি। দ্বীপের অনেক স্থানে প্লাস্টিকের চাদর ঝুলিয়ে রাখার দৃশ্যকে তিনি ‘বস্তির’ সাথে তুলনা করে বলেন, এমন পরিস্থিতি প্রাকৃতিক সৌন্দর্য নষ্টের পাশাপাশি পর্যটকদের হতাশ করছে।
সাক্ষাৎকারে তিনি দেশের সামগ্রিক পর্যটন খাতের সম্ভাবনা ও সংকটের কথা তুলে ধরেন। তাঁর মতে, পর্যাপ্ত নিরাপত্তা ও কাঠামোগত পরিকল্পনার অভাবে বিদেশি পর্যটকদের আকর্ষণ করা সম্ভব হচ্ছে না। উত্তরবঙ্গের শীত বা দক্ষিণবঙ্গের বর্ষার যে সৌন্দর্য বাংলাদেশে আছে, তা বিশ্বের অন্য কোথাও নেই উল্লেখ করে তিনি দ্রুত পর্যটন খাতের আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের দাবি জানান।



