হিরো অফ দি ডে

৮৬ প্রবাসী বাংলাদেশিকে সিআইপি সম্মাননা: বরাবরের মতোই শীর্ষে আমিরাত ও চট্টগ্রাম

Md Monir Hossain দেশের অর্থনীতিতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ৮৬ জন প্রবাসী বাংলাদেশিকে ২০২৬ সালের জন্য বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি (CIP) হিসেবে নির্বাচিত করেছে সরকার। ২০২৪–২৫ অর্থবছরে বৈধ চ্যানেলে রেমিট্যান্স প্রেরণ ও বিদেশে বাংলাদেশি পণ্যের বাজার সৃষ্টির ভিত্তিতে তাদের এই উচ্চমর্যাদাপূর্ণ সম্মাননা প্রদান করা হয়।

গত ১৪ ডিসেম্বর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে। পরবর্তীতে ১৭ ডিসেম্বর ঢাকায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নির্বাচিতদের হাতে সিআইপি সনদ তুলে দেওয়া হয়।

তিনটি বিভাগে নির্বাচন সরকার মোট তিনটি ক্যাটাগরিতে এই সম্মাননা প্রদান করেছে। এর মধ্যে বাংলাদেশে শিল্পক্ষেত্রে সরাসরি বিনিয়োগকারী অনিবাসী বাংলাদেশি হিসেবে ১ জন, বৈধ চ্যানেলে সর্বাধিক বৈদেশিক মুদ্রা প্রেরণকারী ক্যাটাগরিতে ৭৫ জন এবং বিদেশে বাংলাদেশি পণ্যের আমদানিকারক হিসেবে ১০ জন এই তালিকায় স্থান পেয়েছেন।

Md Monir Hossain শীর্ষে আরব আমিরাত ও চট্টগ্রাম পরিসংখ্যান অনুযায়ী, এবারও প্রবাসীদের তালিকায় সর্বোচ্চ স্থান দখলে রেখেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রবাসীরা। দেশটি থেকে মোট ৪১ জন সিআইপি নির্বাচিত হয়েছেন। অন্যান্য দেশের মধ্যে ওমান থেকে ৭ জন, যুক্তরাজ্য থেকে ৬ জন এবং আমেরিকা ও কাতার থেকে ৫ জন করে নির্বাচিত হয়েছেন। তালিকায় সৌদি আরব, হংকং, অস্ট্রেলিয়া, জাপান ও সিঙ্গাপুরের প্রবাসীদেরও প্রতিনিধিত্ব রয়েছে।

জেলা ভিত্তিক তালিকায় একক আধিপত্য দেখিয়েছে চট্টগ্রাম। মোট ৮৬ জনের মধ্যে ৩৪ জনই চট্টগ্রামের বাসিন্দা। এর মধ্যে হাটহাজারী উপজেলা থেকে ৯ জন এবং রাউজান থেকে ৮ জন নির্বাচিত হয়ে উপজেলা পর্যায়ে শীর্ষস্থান দখল করেছেন। এ ছাড়াও ফটিকছড়ি, পটিয়া, সাতকানিয়া ও পাঁচলাইশসহ কুমিল্লা, কক্সবাজার, নোয়াখালী, ঢাকা ও সিলেটের প্রবাসীরা এই তালিকায় রয়েছেন।

উল্লেখযোগ্য সিআইপিগণ রেমিট্যান্স ক্যাটাগরিতে আরব আমিরাত থেকে নির্বাচিতদের মধ্যে রয়েছেন— হাটহাজারীর মোহাম্মদ রুবেল, সাইফুল ইসলাম, মোহাম্মদ মহিউদ্দিন; রাউজানের নজরুল ইসলাম, মোহাম্মদ সেলিম; ফটিকছড়ির ওসমান গণি এবং পটিয়ার মুহাম্মদ আবুল বশর ও আবছার উদ্দিনসহ আরও অনেকে।

রাষ্ট্রীয় সুযোগ-সুবিধা নির্বাচিত সিআইপিরা আগামী দুই বছর নানা বিশেষ সুবিধা ভোগ করবেন। এর মধ্যে রয়েছে সচিবালয়ে প্রবেশের পাস, জাতীয় অনুষ্ঠানে আমন্ত্রণ, বিমান, রেল ও নৌপথে আসন সংরক্ষণে অগ্রাধিকার এবং বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ ব্যবহারের সুবিধা। এছাড়া তারা ও তাদের পরিবার সরকারি হাসপাতালে কেবিন সুবিধাসহ বিশেষ চিকিৎসাসেবা পাবেন।

এই স্বীকৃতি প্রবাসীদের মনোবল বহুগুণ বাড়িয়ে দিয়েছে বলে মনে করছেন প্রবাসী ব্যবসায়ী ও কমিউনিটি নেতারা। তারা জানান, সরকারের এই উদ্যোগ বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধি এবং দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এমন আরো সংবাদ

Back to top button