ব্র্যাক ইউনিভার্সিটিতে নেট জিরো ও প্লাস্টিক-ফ্রি ক্যাম্পাস গড়ার উদ্যোগ
ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক ও বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্সের উদ্যোগে “নেট জিরো প্রজেক্ট ও প্লাস্টিক-ফ্রি জিরো-ওয়েস্ট ক্যাম্পাস” কর্মসূচী শুরু
ব্র্যাক ইউনিভার্সিটি, ব্র্যাক এবং বাংলাদেশ সাসটেইনেবিলিটি অ্যালায়েন্স (বিএসএ) যৌথভাবে “নেট জিরো প্রজেক্ট ও প্লাস্টিক-ফ্রি জিরো-ওয়েস্ট ক্যাম্পাস” উদ্যোগ শুরু করেছে। এই উদ্যোগে ব্র্যাক ইউনিভার্সিটিকে প্লাস্টিকমুক্ত ও শূন্য বর্জ্য ক্যাম্পাসে পরিণত করা হবে। উদ্যোগটির লক্ষ্য হলো উন্নত রিসাইক্লিং ব্যবস্থা, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবস্থা গ্রহণ করা। অনুষ্ঠানে ব্র্যাক ইউনিভার্সিটির ভাইস-চ্যান্সেলর এবং ব্র্যাক এর জলবায়ু পরিবর্তন, নগর উন্নয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মসূচির পরিচালক সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ১৭ ফেব্রুয়ারি ২০২৫, সোমবার ব্র্যাক ইউনিভার্সিটির মেরুল বাড্ডা ক্যাম্পাসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদ্যোগের যাত্রা শুরু হয়েছে।
প্রধান অতিথি ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি এই উদ্যোগের প্রশংসা করেন এবং পরিবেশ সংরক্ষণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দায়িত্বের ওপর গুরুত্বারোপ করেন। ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অফ ট্রাস্টিজের চেয়ারপারসন তামারা হাসান আবেদ বলেন, “ব্র্যাক ইউনিভার্সিটি উচ্চশিক্ষার একটি নতুন ধারণা তৈরি করতে প্রতিশ্রুতিবদ্ধ, যার কেন্দ্রবিন্দুতে থাকবে টেকসই উন্নয়ন।” ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, ব্র্যাক ইউনিভার্সিটি বর্জ্য কমানো, সম্পদের দায়িত্বশীল ব্যবহার এবং ক্যাম্পাস পরিচালনায় পরিবেশবান্ধব পদ্ধতি অন্তর্ভুক্ত করতে কাজ করছে।
অনুষ্ঠানে “জিরো ওয়েস্ট ইউনিভার্সিটি চ্যালেঞ্জ” প্রতিযোগিতার বিজয়ীদের সিড ফান্ডিং প্রদান করা হয় এবং পরিবেশবান্ধব ধারণা ও প্রকল্প তুলে ধরতে একটি পোস্টার প্রদর্শনী আয়োজন করা হয়। এই উদ্যোগটি ব্র্যাক ইউনিভার্সিটিকে পরিবেশগত দায়িত্ব পালনে একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করবে এবং এই অঞ্চলে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



