ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যোক্তা তহবিল চালু
প্রয়াত উদ্যোক্তা ও পাঠাওয়ের সহ-প্রতিষ্ঠাতা ফাহিম সালেহের স্বপ্ন এগিয়ে নিতে ব্র্যাক ইউনিভার্সিটিতে চালু হয়েছে ‘ফাহিম সালেহ স্কলারশিপ’ এবং ‘ফাহিম সালেহ ইয়ুথ এন্ট্রাপ্রেনিউরশিপ এনডাওমেন্ট ফান্ড’। রোববার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের মেরুল বাড্ডা ক্যাম্পাসে ফাহিমের বাবা সালেহ উদ্দিন আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আরিফুল ইসলামের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে উদ্যোগ দুটি উদ্বোধন করা হয়।
ফাহিমের বাবা-মায়ের অনুদানে গঠিত এই তহবিলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও সমপরিমাণ অর্থ প্রদানের ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ ফারহাত আনোয়ার বলেন, এই উদ্যোগের মাধ্যমে তরুণরা বাস্তব সমস্যার সমাধানে নতুন উদ্ভাবনী ব্যবসা গড়ে তুলতে উৎসাহিত হবে।
অনুষ্ঠানে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও তরুণ উদ্যোক্তারা নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) মানসম্মত শিক্ষা, শোভন কাজ ও বৈষম্য হ্রাসে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানান সংশ্লিষ্টরা।



