পঞ্চগড়ে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ শুরু
পঞ্চগড় সদর উপজেলার জগদল ডিগ্রি কলেজে ১০ দিনব্যাপী কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রোববার (২২ নভেম্বর) সকাল ১১টায় কলেজ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পঞ্চগড়ের জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ ফরিদ রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের পুলিশ সুপার মোঃ আবু সাইম। বিশেষ অতিথি ছিলেন জগদল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সোলাইমান। এ সময় সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ রেজকেকুজ্জামান, উপজেলা প্রশিক্ষক শরিফুল ইসলাম, প্রশিক্ষিকা মোছাঃ কাশমিরা আক্তারসহ ইউনিয়ন কমান্ডারগণ উপস্থিত ছিলেন।
আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত চলমান এই প্রশিক্ষণে কলেজটির ৪০ জন ছাত্রছাত্রী অংশ নিচ্ছেন। তরুণ শিক্ষার্থীদের শৃঙ্খলা ও আত্মরক্ষামূলক দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্টরা।



