কৃষিজেলার খবরহাইলাইটস

আনারকলি চাষে সফলতার স্বপ্ন বুনছেন রিপন

লতানো গাছের মাচায় ঝুলছে শত শত আনারকলিধান-লিচুর জেলা দিনাজপুরের ফুলবাড়ীতে আনারকলি চাষে সফলতার স্বপ্ন দেখছেন আহমেদ রিপন। সুস্বাদু এই ফল দিনাজপুরে প্রথমবারের মতো চাষ হওয়ায় ব্যাপক সাড়া ফেলেছে। ফুলবাড়ী উপজেলার সুজাপুর গ্রামের রায়হান আহমেদ রিপন ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি এই ফল চাষ করে সফলতা পেয়েছেন। ভিনদেশি এই ফলে তিনি এখন নতুন উদ্যোক্তাদেরও পথ দেখাচ্ছেন।

দিনাজপুরের ফুলবাড়ী পৌর এলাকার সুজাপুর বানিয়াপাড়া গ্রামের রেজাউল ইসলামের ছেলে রায়হান আহমেদ রিপন (২৮)। কয়েক বছর আগে কক্সবাজারে ভ্রমণে যান। সেখানে রাস্তার পাশে আনারকলি ফল বিক্রি করতে দেখে ৫০ টাকায় একটি ফল কেনেন। খেতে বেশ সুস্বাদু হওয়ায় সেই ফলের বীজ সংগ্রহ করে বপন করেন

কিন্তু তেমন ফল পাননি। কোনো রকমে বীজ থেকে চারা গজালেও গাছ দুর্বল হয়ে মারা যায়। তাতে কি? হাল ছাড়েননি রিপন। গত বছরের ডিসেম্বরে কক্সবাজার থেকে ৯০০ টাকায় দুটি চারাগাছ কিনে বাড়ির সামনে চার শতক জমিতে রোপণ করেন। ইউটিউব দেখে শুরু করেন পরিচর্যা। দিন যত যেতে থাকে শাখা-প্রশাখায় ভরে ওঠে আনারকলি গাছ। মাত্র সাত মাসেই গাছে প্রচুর ফল ধরেছে।

সরেজমিনে রিপনের বাড়িতে গিয়ে দেখা যায়, চার শতাংশ জমিতে লাগানো হয়েছে মাত্র দুটি আনারকলি গাছ। লতানো গাছের মাচায় ঝুলছে শত শত আনারকলি। প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে উৎসুক ফলপ্রেমী ও উদ্যোক্তারা ভিড় করছেন রিপনের বাড়িতে। দর্শনার্থী ও উদ্যোক্তাদের আনাগোনায় সুজাপুর বানিয়াপাড়া গ্রাম এখন মুখরিত। হাসিমুখে সবাইকে আনারকলি চাষ সম্পর্কে ধারণা দিচ্ছেন তিনি। আগতদের আনারকলি খাইয়ে এর স্বাদ ও উপকারিতা সম্পর্কেও জানাচ্ছেন।

রিপনের প্রতিবেশী মুক্তি চক্রবর্তী জানান, এই এলাকায় আনারকলি চাষ এবারই প্রথম। এটি মূলত পাহাড়ি এলাকার ফল। এখানকার উর্বর মাটিতে গাছটি বেশ হৃষ্টপুষ্ট হচ্ছে এবং ফলনও ভালো হচ্ছে। বাণিজ্যিকভাবে এটি লাভজনক হবে বলে মনে করছি।

তিনি বলেন, আনারকলি দেখতে আসা উৎসুক মানুষ, সাংবাদিক, ইউটিউবার, সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের আনাগোনায় সুজাপুর বানিয়াপাড়া গ্রাম এখন মুখরিত।

বিরামপুর থেকে আনারকলি বাগান দেখতে আসা রাকিব বলেন, ফেসবুকে আনারকলি ফলের ছবি দেখে আগ্রহ তৈরি হয়। তাই আজ সরাসরি দেখতে এসেছি। ফল ও গাছ দেখে খুব ভালো লেগেছে। আমিও নিজের বাড়িতে এ ফলের চারা লাগানোর পরিকল্পনা করছি। দিনাজপুর শহরের ডায়াবেটিক হাসপাতাল মোড় থেকে আনারকলি বাগান দেখতে আসা রেজাউল ইসলাম বলেন, শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে ভিনদেশি ফল আনারকলি বাগান দেখতে এসেছি। অনেক ফল ধরেছে। দেখতে অনেক সুন্দর, বাগানের মালিক আমাদেরকে ফলও খাইয়েছেন। অনেক সুন্দর, খেতে টক ঝাল মিষ্টি, সুন্দর একটা ফ্লেভার রয়েছে।

উদ্যোক্তা রায়হান আহমেদ রিপন বলেন, কক্সবাজারে ভ্রমণে গিয়ে এই ফল খেয়েছিলাম। গত বছর এর বীজ এনে বপন করেছিলাম। কিন্তু সফল হইনি। পরে ডিসেম্বর মাসে পরিচিত একজনের মাধ্যমে ৯০০ টাকা দিয়ে দুটি চারা সংগ্রহ করি। মাত্র সাত মাসেই গাছে প্রচুর ফল ধরেছে। বাজারে এর চাহিদা ব্যাপক। প্রায় প্রতিদিনই ফল কিনতে পাইকাররা বাড়িতে আসছেন। প্রতিপিস ৫০ টাকা দরে কিনতে আগ্রহ দেখাচ্ছেন তারা। তবে আমরা এটিকে বাণিজ্যিকভাবে চাষ করতে চাই।

এমন আরো সংবাদ

Back to top button