দেশহাইলাইটস

১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত

১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জে সংযুক্ত
ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।গতকাল রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত হওয়া ১২ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাতজন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুজন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুজন এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন রয়েছেন।

প্রথম প্রজ্ঞাপনে সংযুক্ত আট কর্মকর্তা হলেন—ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।

দ্বিতীয় প্রজ্ঞাপনে সংযুক্ত চার কর্মকর্তা হলেন—পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম, মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।

উভয় প্রজ্ঞাপনে সংযুক্ত কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। দুই মাসের জন্য তাঁদের এ সংযুক্তি কার্যকর থাকবে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, প্রয়োজনীয় তদারকি এবং সমন্বয় কার্যক্রমে গতি আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

এমন আরো সংবাদ

Back to top button