রাজনীতিলিড নিউজ

প্রধানমন্ত্রী আজ এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন

প্রধানমন্ত্রী আজ এনসিপির সঙ্গে বৈঠকে বসবেন
দেশের চলমান পরিস্থিতিকে কেন্দ্র করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সঙ্গে আজ দুপুরে বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যমুনায় এ বৈঠকে নাহিদ ইসলামের নেতৃত্বে চারজনের প্রতিনিধি দল উপস্থিত থাকবে। পরে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদবিরোধী জোটের অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে একে একে বৈঠকে বসবেন বলে বিএনপি সূত্র নিশ্চিত করেছে।

জাতীয় সংসদে সর্বশেষ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে রাখা ঐক্যের আহ্বান এবং দেশের সার্বিক পরিস্থিতিকে কেন্দ্র করেই এ বৈঠক ডাকা হয়েছে বলে এনসিপিকে জানানো হয়। এ প্রসঙ্গে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বণিক বার্তাকে বলেন, ‘গণভোটের রায়ের বাস্তবায়ন ও ফ্যাসিবাদী আওয়ামী লীগের সক্রিয় হয়ে ওঠার পাশাপাশি আইন-শৃঙ্খলা পরিস্থিতিসহ আমাদের সাম্প্রতিক সময়ে তোলা পাঁচটি দাবি নিয়ে আলাপ করা হবে।’

আজ মধ্যাহ্নভোজের পর পরই এ বৈঠক শুরু হবে বলে বিএনপির সূত্র জানায়। সূত্রমতে, জামায়াতের আমির ডা. শফিকুর রহমান দেশে আসার পর চলতি মাসের ২৬ অথবা ২৭ তারিখ প্রধানমন্ত্রী সঙ্গে বৈঠকটি হবে। সেই সঙ্গে ফ্যাসিবাদবিরোধী অন্যান্য দলের সঙ্গেও তিনি আলোচনায় বসবেন।

জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের সমাপনী বক্তব্যে সব গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলছিলেন, ‘পতিত, পরাজিত ও বিতাড়িত ফ্যাসিস্ট অপশক্তিকে ঠেকাতে এবং দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার চক্রান্ত রুখে দিতে এখন দলমত-নির্বিশেষে গণতন্ত্রের পক্ষের সব রাজনৈতিক শক্তিকে এক মঞ্চে দাঁড়াতে হবে।’

সংসদে প্রতিনিধিত্বকারী প্রতিটি গণতান্ত্রিক দল এবং সংসদের বাইরে থাকা গণতান্ত্রিক দলগুলোর প্রতিও তিনি এ আহ্বান জানিয়ে বলেন, ‘আসুন, ঐক্যবদ্ধভাবে ৭ নভেম্বর এবং ঐক্যবদ্ধভাবে ৫ আগস্টের চেতনায় পতিত, পরাজিত তাঁবেদার অপশক্তির বিরুদ্ধে আমরা সবাই এক মঞ্চে দাঁড়াই।’

তিনি বলেন, ‘দেশনেত্রী খালেদা জিয়া তিন দশক আগে যে আওয়াজ তুলেছিলেন, সেই আওয়াজ আবার তুলতে হবে—“‍ওদের হাতে গোলামির জিঞ্জির, আমাদের হাতে স্বাধীনতার পতাকা।” আমাদের স্বাধীনতা আমরা রক্ষা করব, আমাদের গণতন্ত্র আমরা রক্ষা করব। আমাদের সংসদ, এ স্বাধীন সার্বভৌম সংসদ আমরা রক্ষা করব। বাংলাদেশকে আর কোনো তাঁবেদারের হাতে আমরা সঁপে দেব না।’

এমন আরো সংবাদ

Back to top button