ফুড অ্যান্ড অ্যালাইড ক্যাটাগরিতে সেরা ইউনিলিভার কনজ্যুমার কেয়ার
শক্তিশালী করপোরেট সুশাসন চর্চার স্বীকৃতিস্বরূপ ১৩তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর করপোরেট গভর্ন্যান্স এক্সিলেন্স ২০২৫-এ ‘ফুড অ্যান্ড অ্যালাইড কোম্পানিজ’ ক্যাটাগরিতে গোল্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড (ইউসিএল)। এ নিয়ে টানা পঞ্চমবারের মতো মর্যাদাপূর্ণ এই স্বীকৃতি পেল প্রতিষ্ঠানটি।
রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বাণিজ্য, বস্ত্র ও পাট এবং শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি বিজয়ীদের হাতে ট্রফি ও সনদ তুলে দেন। ইউসিএলের পক্ষে পুরস্কার গ্রহণ করেন প্রতিষ্ঠানটির সিইও ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা, নন-এক্সিকিউটিভ ডিরেক্টর জিনিয়া তানজিনা হক এবং কোম্পানি সেক্রেটারি শারমিন আক্তার।
মোহাম্মদ নাহারুল ইসলাম মোল্লা বলেন, এই অর্জন স্বচ্ছতা, জবাবদিহিতা ও নৈতিক ব্যবসায়িক চর্চার প্রতি ইউসিএলের ধারাবাহিক অঙ্গীকারের প্রতিফলন।



