বিদেশহাইলাইটস

যুক্তরাজ্যে অভিবাসন ও আশ্রয়ব্যবস্থায় বড় সংস্কার বিল কমন্সে পাস, যাচ্ছে হাউস অব লর্ডসে

এস ইসলাম, লন্ডন থেকেব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সে অভিবাসন ও আশ্রয়ব্যবস্থায় বড় ধরনের সংস্কার সংক্রান্ত সরকারের প্রস্তাবিত বিল পাস হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদের উদ্যোগে প্রণীত ‘ইমিগ্রেশন অ্যান্ড অ্যাসাইলাম বিল’ কমন্সের তৃতীয় পাঠে ২৯০-৯৪ ভোটে পাস হয়। বিলটির পক্ষে ও বিপক্ষে ভোটের ব্যবধান ১৯৬। এর মধ্য দিয়ে বিলটি এখন পার্লামেন্টের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে যাওয়ার পথ সুগম হয়েছে। এক বছর আগে সরকার আশ্রয় ও অভিবাসন প্রত্যাবাসন নীতির বিষয়ে পার্লামেন্টে যে ঘোষণা দিয়েছিল, তার ধারাবাহিকতায় এই সংস্কার উদ্যোগ নেওয়া হয়েছে।

সরকারের দাবি, নতুন সংস্কারের মাধ্যমে একটি অধিকতর ন্যায়সংগত ও কার্যকর অভিবাসনব্যবস্থা গড়ে তোলা হবে। যারা প্রকৃত অর্থে সুরক্ষা পাওয়ার যোগ্য, তাদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অভিবাসন ও আশ্রয়ব্যবস্থার সুযোগের অপব্যবহারকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ লক্ষ্যে বিলটিতে নতুন কিছু সংশোধনীও যুক্ত করেছে সরকার, যার মাধ্যমে অভিবাসন আইন প্রয়োগকারী কর্মকর্তাদের অবৈধ অভিবাসী ও প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থীদের প্রত্যাবাসনের ক্ষমতা আরও জোরদার করা হবে।

নতুন সংশোধনী অনুযায়ী, স্বাধীন অভিবাসন আপিল কর্তৃপক্ষের কাছে আশ্রয় বা অভিবাসন আবেদন প্রত্যাখ্যাত হওয়ার পর আপিল করেও ব্যর্থ ব্যক্তিদের প্রত্যাবাসনের ক্ষেত্রে আর অতিরিক্ত নোটিশের বাধ্যতামূলক সময়সীমা কার্যকর থাকবে না। বর্তমানে এ ধরনের ব্যক্তিকে জোরপূর্বক প্রত্যাবাসনের আগে অন্তত পাঁচ কর্মদিবসের নোটিশ দিতে হয়। সরকারের মতে, এই সময়সীমাকে কাজে লাগিয়ে অনেকেই শেষ মুহূর্তে নতুন দাবি বা আবেদন উত্থাপন করেন, যার ফলে বৈধ প্রত্যাবাসন প্রক্রিয়া বিলম্বিত হয়। প্রস্তাবিত সংশোধনীতে এই পাঁচ কর্মদিবসের সময়সীমা বাতিল করে কর্মকর্তাদের জন্য ছয় মাসের একটি সময়সীমা নির্ধারণ করা হচ্ছে। এই সময়ের মধ্যে প্রত্যাখ্যাত আশ্রয়প্রার্থী ও অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসনের জন্য নতুন করে নোটিশ দেওয়ার প্রয়োজন হবে না।

বিলটি পাসের পর স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ বলেন, গত বছর তিনি আধুনিক সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ অভিবাসন সংস্কার পরিকল্পনা তুলে ধরেছিলেন, যার লক্ষ্য ছিল দেশের সীমান্তে শৃঙ্খলা ও নিয়ন্ত্রণ ফিরিয়ে আনা। তাঁর ভাষ্য অনুযায়ী, ইতোমধ্যে এ ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। ছোট নৌকায় করে যুক্তরাজ্যে আসা অভিবাসীর সংখ্যা কমেছে, অবৈধভাবে অবস্থানকারীদের প্রত্যাবাসন গত এক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে এবং করদাতাদের ওপর ব্যয়ের চাপ এক বিলিয়ন পাউন্ড কমেছে। তবে তিনি মনে করেন, আরও অগ্রগতি প্রয়োজন। তাঁর মতে, নতুন বিলটি আশ্রয়ের আবেদন দ্রুত নিষ্পত্তি, আইনের ফাঁকফোকর বন্ধ এবং যুক্তরাজ্যে থাকার আইনগত অধিকার নেই—এমন ব্যক্তিদের প্রত্যাবাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নতুন বিলে আধুনিক দাসত্ব বা মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষাব্যবস্থাতেও পরিবর্তন আনার প্রস্তাব করা হয়েছে। এ ব্যবস্থার অপব্যবহারের সুযোগ কমানোর পাশাপাশি প্রকৃত ভুক্তভোগীদের জন্য প্রয়োজনীয় সুরক্ষা আরও কার্যকর করাই সরকারের লক্ষ্য। এ উদ্দেশ্যে আইনে ‘অসৎ উদ্দেশ্যে করা দাবি’ বা ‘ব্যাড ফেইথ ক্লেইম’-এর একটি সুনির্দিষ্ট সংজ্ঞা যুক্ত করা হচ্ছে। কেউ জেনেশুনে মিথ্যা তথ্য দিয়ে আধুনিক দাসত্বের শিকার হওয়ার দাবি করলে অথবা প্রত্যাবাসনের নোটিশ পাওয়ার পর এ-সংক্রান্ত তথ্য প্রকাশ করলে তিনি নির্ধারিত সুরক্ষা পাওয়ার অযোগ্য হতে পারেন।

সরকারের এই উদ্যোগের পেছনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যুক্তরাজ্যের আধুনিক দাসত্বের সম্ভাব্য ভুক্তভোগীদের শনাক্ত ও সহায়তা দেওয়ার জন্য পরিচালিত ন্যাশনাল রেফারেল মেকানিজমের (এনআরএম) সঙ্গে অভিবাসনব্যবস্থার উল্লেখযোগ্য সংশ্লিষ্টতা দেখা গেছে। পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এনআরএমে জমা পড়া মোট রেফারেলের প্রায় ৮০ শতাংশই ছিল অভিবাসন নিয়ন্ত্রণের আওতাধীন ব্যক্তিদের। তাঁদের মধ্যে এক-চতুর্থাংশ, অর্থাৎ ৪ হাজার ৫২৬টি রেফারেল করা হয়েছিল আটক কেন্দ্রে থাকা ব্যক্তিদের পক্ষ থেকে।

সরকারের আরও দাবি, গত বছর আটক অবস্থায় আধুনিক দাসত্ব সংক্রান্ত ব্যবস্থায় যাদের  রেফার করা হয়েছিল, তাঁদের প্রায় ৮০ শতাংশকেই পরবর্তী সময়ে প্রকৃত ভুক্তভোগী হিসেবে শনাক্ত করা যায়নি। এ কারণে ন্যাশনাল রেফারেল মেকানিজমের আওতায় নেওয়া সিদ্ধান্তগুলো আরও নির্ভরযোগ্য করা এবং প্রকৃত ভুক্তভোগীদের যথাযথভাবে শনাক্ত ও সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিচ্ছে সরকার। একই সঙ্গে আধুনিক দাসত্বসংক্রান্ত তথ্য দ্রুত প্রকাশে উৎসাহিত করা এবং ব্যবস্থাটির অপব্যবহার রোধ করাও নতুন সংস্কারের অন্যতম উদ্দেশ্য।

বিলে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কার অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে রয়েছে, সরকারি অর্থায়নে আবাসন ও অন্যান্য সহায়তা পাওয়া আশ্রয়প্রার্থীদের আর্থিক সামর্থ্য থাকলে সেই ব্যয়ের একটি অংশ সরকারকে ফেরত দেওয়ার ব্যবস্থা চালু করা। পাশাপাশি দ্রুত ও ন্যায়সংগত আপিল নিষ্পত্তির জন্য নতুন স্বাধীন অভিবাসন আপিল কর্তৃপক্ষ (আইআইএএ) প্রতিষ্ঠা করা হচ্ছে। নতুন এই কর্তৃপক্ষের মাধ্যমে আপিল প্রক্রিয়ায় জনসাধারণের আস্থা ফিরিয়ে আনা, মামলার জট কমানো এবং আপিলে ব্যর্থ ব্যক্তিদের দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে। চাহিদা অনুযায়ী কর্তৃপক্ষটির কার্যক্রম সম্প্রসারণের সুযোগও রাখা হবে।

এ ছাড়া ইউরোপীয় মানবাধিকার সনদের ৮ নম্বর অনুচ্ছেদের প্রয়োগের ক্ষেত্রে বিদ্যমান অসংগতি দূর করার উদ্যোগ নেওয়া হয়েছে। সরকারের মতে, এই অনুচ্ছেদের অপব্যবহারের সুযোগ বন্ধ করে অভিবাসনসংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থকে যথাযথ গুরুত্ব দেওয়া হবে। একই সঙ্গে শরণার্থী মর্যাদা ও মানবিক সুরক্ষাকে একত্র করে সুরক্ষার দাবির একটি অভিন্ন সংজ্ঞা প্রবর্তন করা হবে। এর ফলে আবেদন যাচাই ও আপিল নিষ্পত্তির প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে বলে আশা করছে সরকার।

স্বাধীন অভিবাসন আপিল কর্তৃপক্ষের চেয়ারম্যান নিয়োগের জন্য শিগগিরই নিয়োগপ্রক্রিয়া শুরু হবে। ২০২৭ সালের বসন্তের মধ্যে এ পদে নিয়োগ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। সরকারের উদ্দেশ্য, নতুন চেয়ারম্যান যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরাসরি নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীনভাবে কর্তৃপক্ষটির কাঠামো ও কার্যক্রম গড়ে তোলার সুযোগ পান।

কমন্সে পাস হওয়ার পর বিলটি এখন হাউস অব লর্ডসে উত্থাপনের প্রস্তুতি চলছে। উচ্চকক্ষে পরবর্তী ধাপের সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন হলে যুক্তরাজ্যের অভিবাসন ও আশ্রয়ব্যবস্থায় প্রস্তাবিত সংস্কার বাস্তবায়নের পথ আরও এগিয়ে যাবে। সরকারের দাবি, এসব পরিবর্তনের মাধ্যমে সীমান্ত নিয়ন্ত্রণ জোরদার, আশ্রয় আবেদন দ্রুত নিষ্পত্তি, অবৈধ অভিবাসীদের প্রত্যাবাসন ত্বরান্বিত এবং প্রকৃত মানবিক সুরক্ষার প্রয়োজন রয়েছে—এমন ব্যক্তিদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।

এমন আরো সংবাদ

Back to top button