পরিবেশ রক্ষা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ ও জীববৈচিত্র্য সংরক্ষণে সামাজিক সংগঠনগুলোকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আলোকিত লালমনিরহাট’-এর মতো সংগঠন দেশের ৬৩ জেলায় থাকা প্রয়োজন। সামাজিক উদ্যোগের মাধ্যমে এমন অনেক সমস্যার সমাধান সম্ভব, যা শুধু আইন করে সমাধান করা যায় না। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে আয়োজিত ‘আলোকিত লালমনিরহাট’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
সংগঠনটির কর্মকাণ্ডের প্রশংসা করে তারেক রহমান বলেন, আমি মনে করি, আলোকিত লালমনিরহাটের মতো একটি সংগঠন বাংলাদেশের ৬৩ জেলায় প্রয়োজন। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আমার যে অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে বলতে পারি, সব সময় সব সমস্যার সমাধান আইন করে করা সম্ভব নয়। কিন্তু সমাজে এমন অনেক সমস্যা আছে, যেগুলোর সমাধানে সামাজিকভাবে একটি সংগঠনের মাধ্যমে চেষ্টা করলে সেটা করা সম্ভব।
বিগত সময়ের রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতির প্রসঙ্গ তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, প্রায় দুই যুগের কাছাকাছি সময় ধরে বাংলাদেশ একটি অস্বাভাবিক অবস্থার মধ্যে ছিল। সেখানে মানুষ ভয়ের মধ্যে বাস করত। মানুষের কোনো অধিকার ছিল না। শুধু ভয়ের পরিস্থিতিই নয়, সমাজের বিভিন্ন মানী-গুণী ও সম্মানিত মুরুব্বিদেরও বিভিন্নভাবে অপদস্থ করা হয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, আজ এ দেশের মানুষ একটি গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই অবস্থার পরিবর্তন করেছে। এই পরিবর্তিত পরিস্থিতিতে আলোকিত লালমনিরহাটের মতো সংগঠন যদি বাংলাদেশের সব জায়গায় থাকে, তাহলে সমাজের হারিয়ে যাওয়া সামাজিক মূল্যবোধ আবার পুনঃপ্রতিষ্ঠা করা সম্ভব হবে।
প্রধানমন্ত্রী বলেন, এখানে যারা সংগঠনটির সদস্য রয়েছেন, তাদের মধ্যে সব ধর্ম-বর্ণের মানুষই রয়েছেন। হয়তো বিভিন্ন রাজনৈতিক মতপার্থক্য থাকা মানুষও এখানে সদস্য রয়েছেন। সবাই যদি একসঙ্গে কাজ করেন, ঐক্যবদ্ধভাবে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন, অবশ্যই পরিবর্তন আনা সম্ভব।
প্রধানমন্ত্রী বলেন, মানুষের আয়-রোজগার ও ব্যবহার্য জিনিসপত্র বাড়ার সঙ্গে সঙ্গে নদী-নালা, খাল-বিল, সবুজ মাঠ, বাজার-ঘাটসহ বিভিন্ন জায়গায় আবর্জনা জমছে। আবর্জনা একদিকে পরিবেশের জন্য ক্ষতিকর, অন্যদিকে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। চারদিকে যদি আবর্জনা থাকে, সেটি মানসিকভাবেও আমাদের অসুস্থ করে দেবে।
‘আলোকিত লালমনিরহাট’ সংগঠনের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যেহেতু বিভিন্ন সামাজিক কাজ করছেন, তাই পুরো জেলাকে আবর্জনামুক্ত করার উদ্যোগ নিন। একটি সুশৃঙ্খল ও পদ্ধতিগত ব্যবস্থার মাধ্যমে মানুষের পরিত্যাক্ত আবর্জনাগুলো একটি জায়গায় সংগ্রহ করুন। বাকি পুরো এলাকাকে পরিষ্কার রাখুন। এ উদ্যোগ নেওয়া হলে লালমনিরহাটকে দেশের পরিচ্ছন্নতম জেলাগুলোর একটি হিসেবে গড়ে তোলা সম্ভব।
বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা যেভাবে মাদকাসক্ত মানুষকে কাউন্সেলিং করে মাদকের অভিশাপ থেকে বের করে আনার চেষ্টা করেছেন, যেভাবে পারিবারিক কোন্দল মিটিয়ে পরিবারগুলোকে মিলিয়ে দিয়েছেন, একইভাবে ঘরে ঘরে গিয়ে মানুষকে বোঝাতে হবে কীভাবে আবর্জনা সঠিকভাবে সংরক্ষণ ও ব্যবস্থাপনা করা যায়।
তারেক রহমান বলেন, আপনারা যদি ঘরে ঘরে গিয়ে প্রত্যেকটি মানুষকে বোঝাতে পারেন যে কেন গাছ প্রয়োজন, তাহলে গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।
পরিবারের প্রত্যেক সদস্যের জন্মদিনে একটি করে গাছ লাগানোর পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন, একটি পরিবারে চার-পাঁচজন সদস্য থাকলে প্রত্যেকেরই একটি জন্মদিন রয়েছে। আপনারা যদি তাদের বোঝাতে পারেন যে প্রত্যেকে প্রতিবছর নিজের জন্মদিনে একটি করে বৃক্ষরোপণ করবেন, তাহলে স্বাভাবিকভাবেই দেশে বা এই এলাকায় গাছের সংখ্যা বৃদ্ধি পাবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আজকে আমরা যদি একটি মূল্যবান গাছের চারা রোপণ করি, এই গাছটি বড় হয়ে একদিন আমাদের জন্য একটি মূল্যবান সম্পদে রূপান্তরিত হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, কোনো শিশুর বয়স এক, দুই কিংবা তিন বছর হলে তার নামে ২০টি গাছ লাগানো যেতে পারে। ২০ বছর পর গাছগুলো বড় হলে প্রয়োজনে সেগুলো বিক্রি করে ওই শিশুর অর্থনৈতিক প্রয়োজন মেটানো সম্ভব হবে।
গাছের পরিবেশগত উপকারিতা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, আপনার বাড়ির আশপাশে যত বেশি বড় বড় গাছ থাকবে, আপনার বাসাবাড়ি তত ঠান্ডা থাকবে। প্রকৃতির বাতাস উপভোগ করতে পারবেন। শুধু তাই নয়, ঝড়-তুফান বা টর্নেডোর সময় বাড়ির আশপাশে বড় গাছ থাকলে সেগুলো আপনার ঘরবাড়ি রক্ষায়ও সহায়তা করতে পারে।
পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখি, প্রজাপতি ও অন্যান্য প্রাণীর আবাসস্থল সংরক্ষণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, মানুষের পাশাপাশি আল্লাহ বিভিন্ন পশুপাখি, জীবজন্তু ও পোকামাকড় সৃষ্টি করেছেন। প্রকৃতির প্রতিটি প্রাণীরই কোনো না কোনো ভূমিকা রয়েছে।



