নারী শিক্ষার প্রসারের লক্ষ্যে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের বেশরগাতি গ্রামে ‘বেশরগাতি মডার্ন গার্লস হাই স্কুল’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) বিকেল ৩টায় বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন আনুষ্ঠানিকভাবে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসন, শিক্ষক সমিতি, জমিদাতা, মসজিদ কমিটি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে প্রতিষ্ঠানের সফলতা ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন দ্রুত শ্রেণিকক্ষ নির্মাণ করে ২০২৭ শিক্ষাবর্ষে ষষ্ঠ, সপ্তম ও অষ্টম শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির কার্যক্রম শুরুর প্রস্তুতি নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। স্থানীয়দের মতে, নতুন এই বিদ্যালয় প্রতিষ্ঠায় গ্রামীণ জনপদের মেয়েদের মানসম্মত শিক্ষার সুযোগ বাড়বে এবং শিক্ষিত প্রজন্ম গঠনে তা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



