জলবায়ু রক্ষার নামে সম্মেলন, ভেতরে দূষণকারীদের ভিড়!
কপ৩১-এ ১০৩ দূষণকারী প্রতিষ্ঠান, জীবাশ্ম জ্বালানিতে ২.২ ট্রিলিয়ন ডলারের অর্থায়ন
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলায় বিশ্বনেতারা যখন তুরস্কের আন্তালিয়ায় জাতিসংঘের জলবায়ু সম্মেলন কপ৩১-এ সমবেত হয়েছেন, তখন সম্মেলনে বিশ্বের শীর্ষ দূষণকারী করপোরেট প্রতিষ্ঠান ও তাদের অর্থায়নকারীদের ব্যাপক উপস্থিতি নিয়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলোর আন্তর্জাতিক জোট ‘কিক বিগ পলিউটার্স আউট’ (কেবিপিও) প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে, এবারের সম্মেলনে অন্তত ১০৩টি বড় দূষণকারী কোম্পানি ও শিল্প সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণের সুযোগ পেয়েছেন। এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতীতে জলবায়ুবান্ধব নীতি প্রণয়ন বাধাগ্রস্ত করার কিংবা নিজেদের ব্যবসায়িক স্বার্থে নীতিনির্ধারণ প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগ রয়েছে।
গত ৯ নভেম্বর শুরু হওয়া কপ৩১ সম্মেলন চলবে ২০ নভেম্বর পর্যন্ত। এর মধ্যেই প্রকাশিত কেবিপিওর গবেষণা জলবায়ু আলোচনায় করপোরেট প্রভাব ও স্বার্থের সংঘাতের বিষয়টিকে নতুন করে সামনে এনেছে।
জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক কাঠামো সনদ বা ইউএনএফসিসিসির প্রকাশিত অংশগ্রহণকারীদের প্রাথমিক তালিকা বিশ্লেষণ করে কেবিপিও জানিয়েছে, সম্মেলনে জীবাশ্ম জ্বালানি, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, শিল্পভিত্তিক কৃষি, খাদ্য উৎপাদন এবং বৃহৎ প্রযুক্তি খাতের প্রভাবশালী প্রতিষ্ঠানগুলোর উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বিশ্লেষণে দেখা গেছে, জলবায়ু নীতির ক্ষেত্রে নেতিবাচক তৎপরতার রেকর্ড থাকা ১০৩টি প্রতিষ্ঠানের মধ্যে ৬০টি জীবাশ্ম জ্বালানি সংশ্লিষ্ট, ১৬টি বড় অর্থায়নকারী প্রতিষ্ঠান, ছয়টি শিল্পভিত্তিক কৃষি ও খাদ্য খাতের, তিনটি বৃহৎ প্রযুক্তি খাতের এবং ২০টি বিভিন্ন খাতের সমন্বিত ব্যবসায়িক সংগঠন। কয়েকটি প্রতিষ্ঠান একাধিক শ্রেণিতে অন্তর্ভুক্ত হওয়ায় খাতভিত্তিক সংখ্যার যোগফল মোট প্রতিষ্ঠানের সংখ্যার চেয়ে বেশি।
গবেষণায় সবচেয়ে উদ্বেগজনক হিসেবে উঠে এসেছে জলবায়ু সম্মেলনে করপোরেট প্রতিনিধিদের সংখ্যাগত প্রাধান্য। কেবিপিওর হিসাবে, জলবায়ু নীতিতে বাধা দেওয়ার অভিযোগ থাকা এসব প্রতিষ্ঠানের সম্মিলিত প্রতিনিধিদল ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র সেন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রেনাডাইনসের প্রতিনিধিদলের তুলনায় ১০০ গুণ বড়। একইভাবে নাইজারের তুলনায় ২৫ গুণ, ফিলিপাইনের তুলনায় আট গুণ এবং নেপালের তুলনায় ছয় গুণ বেশি।অথচ এসব দেশ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে রয়েছে। পরিবেশবাদীদের অভিযোগ, জলবায়ু সংকটে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর প্রতিনিধিত্ব সীমিত থাকলেও দূষণের সঙ্গে সংশ্লিষ্ট বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো সম্মেলনে ব্যাপক প্রবেশাধিকার পাচ্ছে।
কপ৩১-এ অংশ নেওয়া বড় করপোরেট প্রতিনিধিদলগুলোর মধ্যে রয়েছে ইন্টারন্যাশনাল এমিশনস ট্রেডিং অ্যাসোসিয়েশন বা আইইটিএর ২৯ জন, ফরাসি ব্যাংক বিএনপি পারিবাসের ২২ জন, এইচএসবিসির ১৯ জন এবং প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যামাজনের ১২ জন প্রতিনিধি।জলবায়ু নীতিতে বাধা দেওয়ার ইতিহাসের কারণে চিহ্নিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে জার্মান শিল্প ফেডারেশন বিডিআইর ২৩ জন, মার্কিন তেল কোম্পানি এক্সনমোবিলের ১৩ জন, বিজনেসইউরোপের ১১ জন, মাংস উৎপাদনকারী প্রতিষ্ঠান জেবিএসের সাতজন, টোটালএনার্জিসের পাঁচজন, কারগিলের পাঁচজন এবং বিনিয়োগ প্রতিষ্ঠান ব্ল্যাকরকের পাঁচজন প্রতিনিধি রয়েছেন।
কেবিপিও জানিয়েছে, এসব প্রতিনিধির সম্মেলনে প্রবেশের পথও ছিল ভিন্ন ভিন্ন। ২২২ জন বিভিন্ন দেশের অতিরিক্ত প্রতিনিধিদলের ব্যাজ ব্যবহার করে অংশ নিয়েছেন। ২০৩ জন বেসরকারি সংস্থার প্রতিনিধিদলের মাধ্যমে প্রবেশ করেছেন। স্বাগতিক দেশ তুরস্কের অতিথি হিসেবে এসেছেন ৪৫ জন। এমনকি ৩১ জন বিভিন্ন দেশের সরকারি আলোচক প্রতিনিধিদলের সদস্য হিসেবেও সম্মেলনে অংশ নিয়েছেন। গবেষণায় আরও চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বিশ্বের বড় ব্যাংকগুলোর জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন নিয়ে। ‘ব্যাংকিং অন ক্লাইমেট ক্যাওস’ তথ্যভান্ডারের ভিত্তিতে কেবিপিও জানিয়েছে, বিশ্বের জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়নকারী শীর্ষ ১০০ ব্যাংকের মধ্যে ৩০টির প্রতিনিধিরা কপ৩১ সম্মেলনে উপস্থিত রয়েছেন। এই ৩০টি ব্যাংক ২০২১ থেকে ২০২৫ সাল পর্যন্ত কয়লা, তেল ও গ্যাসসহ জীবাশ্ম জ্বালানিসংশ্লিষ্ট খাতে সম্মিলিতভাবে ২ দশমিক ২ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থায়ন করেছে। এটি একই সময়ে বিশ্বের মোট ব্যাংকভিত্তিক জীবাশ্ম জ্বালানি অর্থায়নের প্রায় ৪০ শতাংশ। কেবিপিওর বিশ্লেষণ অনুযায়ী, এই অর্থের পরিমাণ ২০২৫ সালে বিশ্বের অন্তত ১৭৫টি দেশের পৃথক বার্ষিক মোট দেশজ উৎপাদনের চেয়েও বেশি। এমনকি সবচেয়ে কম জিডিপির ১০০টি দেশের সম্মিলিত অর্থনীতির আকারকেও ছাড়িয়ে যায় এই অর্থায়ন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৩ সালের তুলনায় ২০২৫ সালে সংশ্লিষ্ট ৩০টি ব্যাংকের জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়ন প্রায় ৯ হাজার ৫০০ কোটি মার্কিন ডলার বেড়েছে। এর মধ্যে শীর্ষ ১০টি ব্যাংকের অর্থায়ন বেড়েছে প্রায় ৩০ শতাংশ। জীবাশ্ম জ্বালানি খাতে অর্থায়নের হিসাবে কপ৩১-এ উপস্থিত ব্যাংকগুলোর মধ্যে জেপিমরগান চেজ ২৪ হাজার ৮৭৭ কোটি ডলার, সিটিগ্রুপ ২০ হাজার ৭১৯ কোটি ডলার, মিতসুবিশি ইউএফজে ফিন্যান্সিয়াল ২০ হাজার ৭০৬ কোটি ডলার, ব্যাংক অব আমেরিকা ২০ হাজার ৫৬০ কোটি ডলার এবং মিজুহো ফিন্যান্সিয়াল ২০ হাজার ৫০৬ কোটি ডলার অর্থায়ন করেছে। এসব হিসাব ২০২১ থেকে ২০২৫ সালের সম্মিলিত অর্থায়নের। এ ছাড়া বার্কলেজ, সিআইবিসি, সিআইটিআইসি, ব্যাংক অব চায়না এবং এইচএসবিসির মতো আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানও তালিকায় রয়েছে। পরিবেশবাদীদের মতে, জলবায়ু সংকট মোকাবিলায় বিশ্ব যখন জীবাশ্ম জ্বালানি থেকে সরে এসে নবায়নযোগ্য জ্বালানির দিকে অগ্রসর হওয়ার কথা বলছে, তখন বিপুল অর্থায়নের মাধ্যমে কয়লা, তেল ও গ্যাসনির্ভর অর্থনীতিকে টিকিয়ে রাখার প্রবণতা জলবায়ু লক্ষ্য অর্জনকে কঠিন করে তুলছে।
কেবিপিওর সহযোগী সংগঠন সেন্টার ফর ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্টাল ল-এর প্রতিনিধি লিয়েন ভানডামে বলেন, বড় দূষণকারী প্রতিষ্ঠান ও তাদের অর্থায়নকারীরা নিজেদের মুনাফা রক্ষা এবং প্রচলিত ব্যবসা অব্যাহত রাখতে জলবায়ু সম্মেলনের করিডরগুলোতে প্রভাব বিস্তার করছে।
তিনি বলেন, ‘যারা আগুন লাগিয়েছে, তাদের হাতে দিয়াশলাই তুলে দিয়ে সেই আগুন নেভানো যায় না। একইভাবে যারা সংকট তৈরি করেছে, তাদের দিয়ে সংকট থেকে বেরিয়ে আসার পরিকল্পনা তৈরি করানোও যুক্তিসংগত নয়।’ তার মতে, জলবায়ু সম্মেলনের নিয়মকানুন মৌলিকভাবে সংস্কার করা প্রয়োজন। করপোরেট মুনাফার পরিবর্তে বিজ্ঞান, মানবাধিকার এবং সাধারণ মানুষের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে।
নেপালের পরিবেশবাদী সংগঠন প্রো পাবলিক ও ফ্রেন্ডস অব দ্য আর্থ নেপালের প্রতিনিধি প্রকাশ দালাল বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে নেপালের মানুষ জীবিকা হারাচ্ছেন, মানসিক আঘাতের শিকার হচ্ছেন এবং টিকে থাকার সংগ্রামে পড়ছেন।তিনি বলেন, ‘আমরা নেপাল থেকে জলবায়ু ন্যায়বিচারের দাবি নিয়ে এসেছি। কিন্তু এখানে ক্ষতিগ্রস্ত দেশ ও নাগরিক সমাজের তুলনায় বড় দূষণকারী প্রতিষ্ঠানগুলোকে অনেক বেশি জায়গা দেওয়া হচ্ছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’
ইন্দোনেশিয়ার পাপুয়া অঞ্চলের পরিবেশবাদী সংগঠন ওয়ালহি পাপুয়ার প্রতিনিধি মাইকেল পেউকি অভিযোগ করেন, বড় করপোরেট দূষণকারীরা পাপুয়ার বনাঞ্চল ও উপকূলীয় এলাকাকে জীবাশ্ম জ্বালানি প্রকল্প, বৃহৎ খাদ্য উৎপাদন প্রকল্প এবং কার্বন অফসেট কার্যক্রমের জন্য লক্ষ্যবস্তুতে পরিণত করছে। তিনি বলেন, এসব উদ্যোগ জলবায়ু সংকটের প্রকৃত সমাধান নয়। যারা দূষণ সৃষ্টি করেছে, পরিবেশের ক্ষতির দায়ও তাদেরই বহন করতে হবে।
গ্লোবাল ক্যাম্পেইন টু ডিমান্ড ক্লাইমেট জাস্টিসের রচিতা গুপ্তা বলেন, জলবায়ু সম্মেলন মূলত জলবায়ু সংকটে ক্ষতিগ্রস্ত মানুষের কথা শোনার জায়গা হওয়ার কথা। অথচ বড় দূষণকারী কোম্পানিগুলো নিজেদের পরিবেশবান্ধব হিসেবে তুলে ধরার প্রচারণায় এই মঞ্চ ব্যবহার করছে।তার অভিযোগ, করপোরেট স্বার্থের প্রভাব বাড়তে থাকায় উন্নয়নশীল ও জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর মানুষের মধ্যে জাতিসংঘের জলবায়ু আলোচনা প্রক্রিয়ার প্রতি আস্থার সংকট তৈরি হচ্ছে। আন্তর্জাতিক সংগঠন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের ব্রাইস বোমার প্রশ্ন তুলেছেন, এত বিপুলসংখ্যক করপোরেট প্রতিনিধি কেন জলবায়ু সম্মেলনে আসছেন। তারা কি সত্যিই পৃথিবী ও ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর স্বার্থ রক্ষা করতে চান, নাকি নিজেদের বাণিজ্যিক স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছেন? তিনি বলেন, বিভিন্ন দেশের সরকার তাদের প্রতিনিধিদলে কাদের অন্তর্ভুক্ত করছে, কেন করছে এবং সম্ভাব্য স্বার্থের সংঘাত কীভাবে মোকাবিলা করছে, তা প্রকাশ্যে জানানো উচিত।
বিশ্বের ৪৫০টির বেশি সংগঠনের সমন্বয়ে গঠিত কিক বিগ পলিউটার্স আউট জোট দীর্ঘদিন ধরে জাতিসংঘের জলবায়ু আলোচনায় করপোরেট প্রভাব নিয়ন্ত্রণের দাবি জানিয়ে আসছে। তাদের অন্যতম দাবি হচ্ছে, ইউএনএফসিসিসির অধীনে একটি কার্যকর জবাবদিহি কাঠামো এবং বাধ্যতামূলক স্বার্থের সংঘাত প্রতিরোধ নীতিমালা প্রণয়ন। এই দাবির প্রতি সমর্থন জানিয়েছে জলবায়ু আন্দোলনের বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন ও জোট। এর মধ্যে রয়েছে উইমেন অ্যান্ড জেন্ডার কনস্টিটুয়েন্সি, যুব সংগঠনগুলোর প্ল্যাটফর্ম ইয়ংগো, শ্রমিক সংগঠনগুলোর প্রতিনিধিত্বকারী জোট, ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক এবং ডিমান্ড ক্লাইমেট জাস্টিস।
এদিকে কেবিপিওর গবেষণায় উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালে আজারবাইজানের বাকুতে অনুষ্ঠিত কপ২৯ সম্মেলনে ১ হাজার ৭৭০ জনের বেশি জীবাশ্ম জ্বালানি খাতের লবিস্ট অংশ নিয়েছিলেন। ২০২৫ সালের কপ৩০ সম্মেলনেও বিশ্লেষিত তথ্য অনুযায়ী জীবাশ্ম জ্বালানি খাতের লবিস্টদের উপস্থিতি রেকর্ড পর্যায়ে পৌঁছেছিল।তবে গবেষকরা জানিয়েছেন, এবারের কপ৩১-এর পরিসংখ্যান আগের দুই বছরের সঙ্গে সরাসরি তুলনাযোগ্য নয়। কারণ এবার শুধু জীবাশ্ম জ্বালানি খাত নয়, বরং বিভিন্ন দূষণকারী খাতের এমন প্রতিষ্ঠানগুলোকে চিহ্নিত করা হয়েছে, যাদের জলবায়ু নীতিতে বাধা দেওয়ার উল্লেখযোগ্য ইতিহাস রয়েছে। গবেষণায় ইনফ্লুয়েন্সম্যাপের ‘লবিম্যাপ’ মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করা হয়েছে। ২০২৬ সালের ১ নভেম্বর পর্যন্ত যেসব প্রতিষ্ঠানের জলবায়ু নীতিসংক্রান্ত কার্যক্রমের মূল্যায়ন ‘সি’ বা তার নিচে ছিল, সেগুলোকে এই বিশ্লেষণে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তবে কেবিপিও স্বীকার করেছে, গবেষণাটি পূর্ণাঙ্গ নয়। কারণ অনেক প্রতিষ্ঠানের লবিং কার্যক্রমের প্রকাশ্য তথ্য পাওয়া যায় না। ব্যক্তিগত বৈঠক, অপ্রকাশিত অনুদান কিংবা পরোক্ষ প্রভাব বিস্তারের মতো কর্মকাণ্ডও সব সময় শনাক্ত করা সম্ভব হয় না। ফলে বাস্তবে করপোরেট প্রভাবের পরিধি আরও বড় হতে পারে। গবেষণায় কোনো প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতি শনাক্ত হওয়ার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট প্রতিনিধি নির্দিষ্ট কোনো আলোচনার সিদ্ধান্ত সরাসরি পরিবর্তন করেছেন। তবে গবেষকদের মতে, অতীতে জলবায়ু নীতিতে বাধা দেওয়ার রেকর্ড থাকা প্রতিষ্ঠানগুলোর এমন ব্যাপক উপস্থিতি স্বার্থের সংঘাত এবং নীতিনির্ধারণ প্রক্রিয়ার স্বাধীনতা নিয়ে গুরুতর প্রশ্ন তৈরি করে।
কপ৩১ সম্মেলনে জীবাশ্ম জ্বালানি থেকে উত্তরণ, জলবায়ু অর্থায়ন, ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য সহায়তা বৃদ্ধির মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা চলছে। এমন সময়ে বড় দূষণকারী প্রতিষ্ঠান ও তাদের অর্থায়নকারীদের প্রভাব নিয়ে প্রকাশিত এই গবেষণা সম্মেলনের স্বচ্ছতা ও গ্রহণযোগ্যতা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে।পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, জলবায়ু সংকটের জন্য সবচেয়ে বেশি দায়ী প্রতিষ্ঠানগুলোকে জলবায়ু নীতির ভবিষ্যৎ নির্ধারণের সুযোগ দেওয়া উচিত নয়। বরং সিদ্ধান্ত গ্রহণের কেন্দ্রে থাকতে হবে জলবায়ু পরিবর্তনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ, জনগোষ্ঠী এবং তাদের প্রতিনিধিদের।
বিশ্বের জলবায়ু সংকট মোকাবিলায়



