
সংযুক্ত আরব আমিরাতের মর্যাদাপূর্ণ ‘হামদান বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম আন্তর্জাতিক ফটোগ্রাফি অ্যাওয়ার্ড’ (হিপা)-এর ১৫তম আসরের গ্র্যান্ড প্রাইজ বিজয়ী বাংলাদেশি আলোকচিত্রী পিনু রহমানকে সংবর্ধনা দিয়েছে ‘বরিশাল বিভাগ কল্যাণ পরিষদ (ইউএই)’ কেন্দ্রীয় কমিটি। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
ঢাকার কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ধ্বংসস্তূপের মাঝে খোলা আকাশের নিচে এক পরিবারের ঘুমিয়ে থাকার দৃশ্য ধারণ করে ‘আন্ডার দ্য সেইম স্কাই’ শিরোনামের ছবিটির জন্য তিনি এই অর্জন লাভ করেন। এবারের ‘ফ্যামিলি’ থিমে প্রথম বাংলাদেশি হিসেবে হিপার সর্বোচ্চ এই পুরস্কার জিতেছেন তিনি।
সংবর্ধনা অনুষ্ঠানে সংগঠনের নেতারা বলেন, পিনু রহমানের এই বিরল অর্জন বিশ্বমঞ্চে বাংলাদেশের আলোকচিত্র অঙ্গনকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে এবং তরুণদের অনুপ্রাণিত করবে।
সংগঠনের সিনিয়র সহ সাধারণ সম্পাদক সাহেদ মাস্টার ও সহসভাপতি সিরাজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বরিশাল বিভাগ কল্যাণ পরিষদের সভাপতি নাজমুল ইসলাম সাঈদ, কমিউনিটি নেতা এ আর মামুন, মাহমুদুল হাসান, সংগঠনের সিনিয়র সহসভাপতি রোমান আফতাব, সাংবাদিক সরওয়ার উদ্দিন রনি, মো. ফয়সাল, মঞ্জুর হোসেন, মাহবুবুর রহমান, মনির হোসেনসহ আরও অনেকে।
সংবর্ধিত অতিথি পিনু রহমান তাঁর বক্তব্যে দেশের মানুষের পাশাপাশি প্রবাসী বাংলাদেশিদের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। এ সময় তিনি নিজের অর্জনের পেছনের অভিজ্ঞতা, সংগ্রাম ও স্মৃতিচারণ করেন।



