গণমাধ্যমহাইলাইটস

জলবায়ু সংকট মোকাবিলা ও নেপালকে সহায়তার আহ্বান সাংবাদিক ফোরামের

হিমালয় অঞ্চলে দুর্যোগ মোকাবিলায় বৈজ্ঞানিক তদন্তের দাবি

আশিস গুপ্ত ও কেরামত উল্লাহ বিপ্লবনেপালের ভোটেকোশী অঞ্চলে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় প্রাণহানি, সম্পত্তির বিনাশ এবং ব্যাপক ক্ষয়ক্ষতিতে গভীর শোক প্রকাশ করেছে সাউথ এশিয়ান ক্লাইমেট চেঞ্জ জার্নালিস্টস ফোরাম (সাকজেএফ)। এক যৌথ বিবৃতিতে সংগঠনের সভাপতি আশিস গুপ্ত ও মহাসচিব কেরামত উল্লাহ বিপ্লব ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা ও সংহতি জানান।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, হিমবাহ ধস, নদীর গতিপথ অবরোধ এবং আকস্মিক বিপর্যয় প্রমাণ করে যে হিমালয় অঞ্চল আশঙ্কাজনক হারে উত্তপ্ত হচ্ছে। পারমাফ্রস্ট গলে গিয়ে পাহাড়ি পরিবেশ অস্থিতিশীল হয়ে উঠছে, যা জলবায়ু সংকটকে আর দূরের কোনো বিষয় না রেখে সরাসরি মানবজীবন, অবকাঠামো ও অর্থনীতির জন্য হুমকিতে পরিণত করেছে।

বিবৃতিতে নেপাল সরকার, বৈজ্ঞানিক প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রতি ভোটেকোশী বিপর্যয়ের পূর্ণাঙ্গ বৈজ্ঞানিক তদন্ত পরিচালনার আহ্বান জানানো হয়। সমগ্র হিমালয় অঞ্চলে প্রাথমিক সতর্কীকরণ ব্যবস্থা জোরদার, দুর্যোগ প্রস্তুতি ও জলবায়ু-সহনশীল অবকাঠামো গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তারা।

জলবায়ুজনিত ক্ষতির মাত্রা একক দেশের ক্ষমতার বাইরে চলে যাওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়কে তাৎক্ষণিক ত্রাণ ও দীর্ঘমেয়াদী আর্থিক-প্রযুক্তিগত সহায়তা নিয়ে নেপালের পাশে দাঁড়ানোর জোরালো দাবি জানায় (সাকজেএফ)। সংস্থাটির নেতৃবৃন্দ সতর্ক করে বলেন, ভোটেকোশীর এই ট্র্যাজেডি কেবল নেপালের নয়, বরং দ্রুত উত্তপ্ত হতে থাকা পৃথিবীর জন্য এক চরম সতর্কবার্তা। এখনই সমন্বিত আঞ্চলিক উদ্যোগ না নিলে হিমালয় অঞ্চলের ঝুঁকি আরও চরম রূপ নেবে।

এমন আরো সংবাদ

Back to top button