স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি বলেছেন, স্বৈরাচার আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না। তিনি বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার মাধ্যমে পতিত আওয়ামী লীগ রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারে। এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিনী ও প্রখ্যাত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বগুড়া শহরের দত্তবাড়ীতে শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালে বহিঃ ও অন্তঃ বিভাগের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব কামরুজ্জামান চৌধুরী হাসপাতালের বহিঃ ও অন্তঃ বিভাগের কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন, বগুড়া সিটি কর্পোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন এবং হাসপাতালের পরিচালক সৈয়দ আমিনুল হক দেওয়ান।



