ভ্রমণ
চীনা ভিসা প্রক্রিয়ায় বাংলাদেশের এজেন্সিগুলোকে নতুন শর্ত

সম্প্রতি বাংলাদেশের চীনা দূতাবাস ভিসা আবেদনের জন্য কিছু ট্রাভেল এজেন্সির অসদাচরণ শনাক্ত করেছে। এ ধরনের কর্মকাণ্ড চীনা ভিসা প্রক্রিয়াকরণ কার্যক্রমকে ব্যাহত করেছে এবং আবেদনকারীদের স্বার্থের ক্ষতি করেছে বলে মনে করে চীন। সেজন্য ভিসা আবেদনকারী এজেন্সির সেবা উন্নত করার জন্য নতুন শর্ত আরোপ করেছে তারা।
এসব শর্ত আগামী ৫ জুলাই থেকে কার্যকর হবে। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে ঢাকার চীন দূতাবাস। আবেদনকারীদের পক্ষে চীনা ভিসা আবেদনকারী ট্রাভেল এজেন্সির অবশ্যই আইএটিএ (ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন) স্বীকৃতি পেতে হবে।
একই সঙ্গে দূতাবাস ট্রাভেল এজেন্সি-নির্ভর না হয়ে আবেদনকারীকে অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্রসহ নিজে নিজে ভিসার জন্য আবেদনের আহ্বান জানিয়েছে।



