রাজনীতিহাইলাইটস

এম এ সালামের রাজনীতি, অমানবিক রিমান্ডের স্মৃতি এবং সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন

একান্ত সাক্ষাৎকার

এম এ সালামরাজনীতি, ক্রীড়া এবং ব্যবসা—তিনটি ভিন্ন ক্ষেত্রে সমানভাবে সফল একজন ব্যক্তিত্ব এম এ সালাম। ছাত্ররাজনীতির উত্তাল রাজপথ থেকে শুরু করে সুদীর্ঘ এই যাত্রায় তিনি কারাবরণ করেছেন, অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু আদর্শচ্যুত হননি। একদিকে তিনি যেমন বাগেরহাটের তৃণমূল নেতা-কর্মীদের নির্ভরতার প্রতীক, অন্যদিকে ঐতিহ্যবাহী মোহামেডান স্পোর্টিং ক্লাবের আধুনিকায়নে একজন দক্ষ সংগঠক। আজ ‘ভালো সংবাদ’র বিশেষ আয়োজনে আমরা মুখোমুখি হয়েছি এই ত্যাগী ও মানবিক নেতার, যার জীবনের পরতে পরতে লুকিয়ে আছে সংগ্রামের মহাকাব্য।

এম এ সালামশৈশবের অনুপ্রেরণা ও রাজনৈতিক সূচনা

এম এ সালামের রাজনীতির হাতেখড়ি আশির দশকে। সেই সময়ের স্মৃতি চারণ করতে গিয়ে তিনি বলেন, “আমি যখন ১৯৮০ সালে ষষ্ঠ শ্রেণিতে পড়ি, তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আমাদের বাগেরহাটে খাল খনন কর্মসূচিতে গিয়েছিলেন। আমি নিজে সেই খাল খননে অংশ নিয়েছিলাম। তখন থেকেই তাঁর নীতি ও আদর্শ আমার হৃদয়ে গেঁথে যায়। ১৯৮৪ সালে ছাত্রদলের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে রাজনীতি শুরু করি এবং আজও সেই একই আদর্শ নিয়ে মাঠে আছি।”

প্রাপ্তি ও ত্যাগের খতিয়ান

দীর্ঘ ১৬ বছরের স্বৈরশাসন পরবর্তী বাংলাদেশে বিএনপির বর্তমান অবস্থানকে তিনি তাঁর জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি হিসেবে দেখেন। এম এ সালাম বলেন, “আমাদের নেতা তারেক রহমান বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, গণতন্ত্র পুনরুদ্ধার হয়েছে—এটাই  রাজনীতির সার্থকতা। ত্যাগের কথা বললে, আমি আমার প্রতিষ্ঠিত ব্যবসা এবং প্রাণপ্রিয় পরিবারকে সময় দিতে পারিনি। আমার ছেলেমেয়েরা বাবার সান্নিধ্য থেকে বঞ্চিত হয়েছে, কিন্তু আমি মনে করি দেশের মানুষের ভালোবাসার কাছে এই ত্যাগ নগণ্য।”

২০ জুলাই ২০২৪: বারিধারার সেই বিভীষিকাময় রাত

সাক্ষাৎকারে এম এ সালাম অত্যন্ত আবেগাপ্লুত হয়ে ২০২৪ সালের ২০ জুলাইয়ের সেই রাতের বর্ণনা দেন। তিনি বলেন, “রাত ১১টার দিকে ডিবি পুলিশ আমার বারিধারার বাসা ঘিরে ফেলে। আমার সাথে সুলতান সালাউদ্দিন টুকু ছিলেন। পুলিশ বাসায় ঢুকেই তান্ডব শুরু করে। টুকুর বুকে ও মাথায় পিস্তল ঠেকানো হয়। আমার ছোট ছোট তিন সন্তান ভয়ে বাথরুমে গিয়ে দরজা আটকে লুকিয়েছিল। তাদের সামনেই আমাকে মাথায় আঘাত করা হয়, যার ক্ষতচিহ্ন আমি এখনো বয়ে বেড়াচ্ছি। আমার রক্তে রঞ্জিত হয়েছিল সেই রাতের মেঝে।”

রিমান্ডের সেই ১৩ দিন: লোমহর্ষক বর্ণনা

গ্রেফতার পরবর্তী ১৩ দিনের রিমান্ডের অভিজ্ঞতা ছিল অবর্ণনীয়। এম এ সালাম জানান, “ডিবি অফিসে প্রতিদিন সন্ধ্যায় আমাদের চোখ বেঁধে টর্চার সেলে নেওয়া হতো। সুলতান সালাউদ্দিন টুকু, সাইফুল আলম নীরব, রফিকুল আলম মজনু—সবাইকে অমানবিক শারীরিক নির্যাতন করা হয়েছে। আমাদের সামনে দিয়েই একেকজনকে টর্চার করে রুমে দিয়ে যেত, তারা কেউ সোজা হয়ে দাঁড়াতে পারত না। ভিপি নুরকে তো শেষ পর্যন্ত হুইলচেয়ারে করে নিয়ে যেতে হয়েছে। এমনকি বরকত উল্লাহ বুলু ভাইকে না পেয়ে তাঁর ছেলে সানিয়াতকেও ধরে এনে নির্মমভাবে পেটানো হয়েছে। সেই দিনগুলোর কথা মনে পড়লে এখনো গা শিউরে ওঠে।”

মোহামেডান স্পোর্টিং ক্লাব ও ক্রীড়া ভাবনা

রাজনীতির পাশাপাশি ক্রীড়া সংগঠক হিসেবে এম এ সালামের সুখ্যাতি দেশজুড়ে। মোহামেডান স্পোর্টিং ক্লাবের পরিচালক হিসেবে তিনি তাঁর ‘মাস্টার প্ল্যান’ তুলে ধরেন। তিনি বলেন, “মোহামেডান আমাদের আবেগ। মতিঝিলে ক্লাবের ৫ বিঘা জমিতে বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা আছে যাতে ক্লাবটি আর্থিকভাবে স্বাবলম্বী হয়। এছাড়া সাভারে ৭৫ বিঘা জমিতে আধুনিক স্টেডিয়াম ও আন্তর্জাতিক মানের ফুটবল একাডেমি গড়ে তোলা হবে।”

পেশাদারিত্বের ছোঁয়া দিতে তিনি তাঁর ছেলেকে স্পেনের বার্সেলোনা ফুটবল একাডেমিতে ভর্তি করিয়েছেন। সালাম বলেন, “আমার স্বপ্ন ছিল ফুটবলার হওয়ার, কিন্তু পরিবারের চাপে তা হয়ে ওঠেনি। এখন আমার ছেলেই আমার সেই স্বপ্ন পূরণ করবে। সে এখন বার্সেলোনায় বয়সভিত্তিক লিগ খেলছে।”

আন্তর্জাতিক দক্ষতা ও মেধার ব্যবহার

এম এ সালাম ৭টি ভাষায় (বাংলা, ইংরেজি, হিন্দি, ফরাসি, কোরিয়ান, জার্মান এবং স্প্যানিশ) পারদর্শী। এই দক্ষতা তিনি দেশের উন্নয়নে কাজে লাগাতে চান। তিনি বলেন, “আমি কোরিয়ান ভাষা জানি বলে তাদের সাথে ব্যবসায়িক যোগাযোগ সহজ হয়েছে। আমাদের দল এখন রাষ্ট্র পরিচালনায়, আমি চাই আন্তর্জাতিক এই অভিজ্ঞতা ব্যবহার করে মোংলা বন্দর ও খান জাহান আলী বিমানবন্দরকে সচল করতে এবং দক্ষিণবঙ্গের অর্থনীতিকে চাঙ্গা করতে।”

বাগেরহাট-২ আসন ও উন্নয়ন পরিকল্পনা

আগামী নির্বাচনে বাগেরহাটের উন্নয়ন নিয়ে তাঁর ভাবনা অত্যন্ত আধুনিক। তিনি মনে করেন কেবল কৃষি নয়, শিল্পায়নের মাধ্যমেই বাগেরহাটের ভাগ্য বদলাবে। “বাগেরহাট জেলা শহরে কোনো ইপিজেড নেই। আমার লক্ষ্য হলো বাগেরহাটে শিল্পাঞ্চল গড়ে তোলা এবং মাছ চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা। যারা গত ১৭ বছর নির্যাতনের শিকার হয়েছে, তাদের কর্মসংস্থান ও মর্যাদা ফিরিয়ে দেওয়াই আমার প্রধান দায়িত্ব।”

ঐক্য ও নেতৃত্বের চ্যালেঞ্জ

বাগেরহাট বিএনপির সাংগঠনিক অবস্থা নিয়ে তিনি বলেন, “কাউন্সিলের বিকল্প নেই। ২০২৩ সাল থেকে আমরা প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে ভোটের মাধ্যমে কমিটি করেছি। আমি চাই উৎসবমুখর পরিবেশে জেলা সম্মেলন হোক, যাতে সকল উপদলীয় কোন্দল মিটে যায় এবং নতুন ও শিক্ষিত তরুণরা নেতৃত্বে আসে।”

নতুন প্রজন্মের প্রতি বার্তা

যারা কারানির্যাতনের ভয়ে রাজনীতিতে আসতে দ্বিধা করেন, তাদের উদ্দেশ্যে এই নেতা বলেন, “রাজনীতি মানেই জনসেবা। ব্যক্তিগত স্বার্থ নিয়ে যারা রাজনীতিতে আসে, তাদের আসা উচিত নয়। যারা সৎ, সাহসী এবং দেশপ্রেমিক—কেবল তারাই রাজনীতিতে টিকে থাকবে। ভয় পেলে রাজনীতি হয় না, আদর্শের জন্য লড়াই করতে শিখতে হবে।”

এম এ সালামএম এ সালামের এই জীবনগাথা কেবল একজন রাজনীতিকের নয়, বরং একজন লড়াকু মানুষের প্রতিচ্ছবি। একদিকে তিনি রিমান্ডের ক্ষত বয়ে বেড়াচ্ছেন, অন্যদিকে বাগেরহাটের মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন দেখছেন। শহীদ জিয়ার ‘স্বনির্ভর বাংলাদেশ’ এবং তারেক রহমানের ‘রাষ্ট্র সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নেই তিনি তাঁর জীবনের শেষ সার্থকতা খুঁজে পেতে চান।

সাক্ষাৎকার শেষে তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, “আপনারা আমাদের নেতা তারেক রহমানের জন্য এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাতের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ, বাংলাদেশ এগিয়ে যাবেই।”

এমন আরো সংবাদ

Back to top button