জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুতের উৎপাদন ও ব্যবহার বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সৌরবিদ্যুতের দ্রুত সম্প্রসারণ, প্রশাসনিক জটিলতা নিরসন ও বিনিয়োগ ত্বরান্বিত করতে বিশেষ সৌরবিদ্যুৎ অধ্যাদেশ-২০২৬ জারি করা হয়েছে। পাশাপাশি ২০২৬-৩০ মেয়াদে জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র গ্রহণ এবং ছাদভিত্তিক সৌরবিদ্যুতের উদ্বৃত্ত ইউনিটপ্রতি ১০ টাকা ৫০ পয়সায় কেনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। এসময় তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সাম্প্রতিক জ্বালানি সংকট মোকাবিলায় স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ কারণে সরকার যতটা সম্ভব সৌরবিদ্যুতের ওপর নির্ভরতা বাড়ানোর নীতিগত সিদ্ধান্ত নিচ্ছে। সম্প্রতি বাংলাদেশ-চীন সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘বাংলাদেশ সোলার এক্সপো-২০২৬’-এ প্রধানমন্ত্রী উপস্থিত থেকে সৌরবিদ্যুতের গুরুত্ব তুলে ধরেছেন।
জাহেদ উর রহমান বলেন, নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ও ব্যবহার বৃদ্ধি, বেসরকারি বিনিয়োগ আকর্ষণ এবং প্রাতিষ্ঠানিক সমন্বয়ের লক্ষ্যে ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০’ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি ছাদভিত্তিক সৌরবিদ্যুৎ সম্প্রসারণে নেট মিটারিং ব্যবস্থায় উদ্বৃত্ত বিদ্যুৎ প্রতি ইউনিট ১০ টাকা ৫০ পয়সায় কেনার প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
তিনি বলেন, বেসরকারি খাতকে উৎসাহিত করা এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ছাদে নিজস্ব মূলধন ছাড়াই তৃতীয় পক্ষের মাধ্যমে সৌর প্যানেল স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ক্ষেত্রে পরিচালন ব্যয়ভিত্তিক (অপারেশনাল এক্সপেন্ডিচার) মডেলকে উৎসাহিত করছে সরকার।
এবারের সোলার এক্সপোরের প্রতিপাদ্য ‘প্রতি ইঞ্চি ছাদ কাজে লাগাই, সৌরবিদ্যুতে আয় বাড়াই’ উল্লেখ করে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, সৌরবিদ্যুৎ ব্যবহারের মাধ্যমে একদিকে যেমন বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব, অন্যদিকে উদ্বৃত্ত বিদ্যুৎ বিক্রি করে আয়ও করতে পারবেন গ্রাহকরা। ভবিষ্যতে জ্বালানির দাম বাড়ার বিষয়টি বিবেচনায় নিয়ে অনেকে নিজেদের বিদ্যুতের চাহিদা মেটাতেও সৌরবিদ্যুতের ওপর নির্ভর করতে পারেন।
তিনি বলেন, এক্সপোতে বিভিন্ন বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে। সেখান থেকে পাওয়া দিকনির্দেশনার ভিত্তিতে সরকার পরবর্তী নীতিগত সিদ্ধান্ত নেবে। পরিবেশ সুরক্ষার পাশাপাশি দেশের চলমান জ্বালানি সংকট মোকাবিলায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ সম্ভাবনা তৈরি করতে পারে।



