দিনাজপুর জেলার খানসামা উপজেলার পল্লীতে হাইব্রিড আর্লি-৪৫ জাতের গ্রীষ্মকালীন শিম চাষে কৃষক ময়েজ উদ্দিন সফলতা অর্জন করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় খরিপ-২/২০২৬-২৭ মৌসুমে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করে তিনি লাভের সম্ভাবনা দেখছেন।
ময়েজ উদ্দিনের সাথে কথা বলে জানা গেছে, তার শিম চাষ দেখে একই এলাকার অন্য কৃষকরা গ্রীষ্মকালীন শিম চাষে আগ্রহী হয়েছেন। তার সাফল্যে উদ্বুদ্ধ হয়ে কৃষক মো. কাশেম আলী সহ ওই এলাকার আরও কয়েকজন কৃষক চলতি মৌসুমে শিম চাষ করেছেন। এতে এলাকায় গ্রীষ্মকালীন শিম চাষের পরিধি বাড়ার পাশাপাশি কৃষকদের মধ্যে বিকল্প ও লাভজনক সবজি চাষে আগ্রহ তৈরি হয়েছে।
ময়েজ উদ্দিন জানান, প্রচলিত ফসলের পাশাপাশি বিকল্প ও লাভজনক ফসল চাষের চিন্তা থেকেই তিনি গ্রীষ্মকালীন শিম চাষে আগ্রহী হয়েছেন। কৃষি বিভাগের পরামর্শ ও প্রকল্পের সহযোগিতায় ২২ শতক জমিতে হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ শুরু করেন। ভবিষ্যতে আরও জমিতে এই হাইব্রিড আর্লি-৪৫ জাতের শিম চাষ করার পরিকল্পনা তার রয়েছে। ২২ শতক জমিতে শিম চাষে এ পর্যন্ত তার প্রায় ২৮ থেকে ৩০ হাজার টাকা খরচ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকলে বর্তমান ফলনের ধারাবাহিকতায় প্রায় ৭৫ থেকে ৮০ হাজার টাকার শিম বিক্রি করার আশা করছেন তিনি।
জেলার খানসামা উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. মমিনুল বিন আমিন বলেন, কৃষক ‘ময়েজ উদ্দিনকে শিম ক্ষেতে নিয়মিত পরিচর্যা ও রোগবালাই ব্যবস্থাপনার বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। হাইব্রিড আর্লি-৪৫ জাতটি গ্রীষ্মকালীন সময়ে চাষের জন্য উপযোগী হওয়ায় কৃষকের ভালো ফলন পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে। মাঠ পর্যায়ে কৃষকদের শিমসহ সব ধরনের সবজি চাষে নিয়মিত পরামর্শ দেওয়া হচ্ছে। যাতে তারা আধুনিক পদ্ধতি অনুসরণ করে গ্রীষ্মকালীন সবজি চাষে কম খরচে বেশি উৎপাদন ও লাভ করতে পারেন।’



