রাজনীতিহাইলাইটস

উত্তর বিএনপির হাল ধরতে মিল্টনের পক্ষে সরব মাঠের নেতাকর্মী ও সাধারণ মানুষ

‘প্রশাসনিক দক্ষতা ও পরিচ্ছন্ন ভাবমূর্তিই মিল্টনের মূল শক্তি’: উত্তরের রাজনীতিতে নতুন হাওয়া

রাজপথের পরীক্ষিত নেতা মিল্টনকে মহানগর উত্তরের দায়িত্বে চান কর্মী-সমর্থকেরা
রাজপথের পরীক্ষিত নেতা মিল্টনকে মহানগর উত্তরের দায়িত্বে চান কর্মী-সমর্থকেরা

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বর্তমান প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন)-কে ঘিরে ঢাকা মহানগর উত্তর বিএনপির রাজনীতিতে শুরু হয়েছে গতিশীলতা। স্থানীয় রাজনীতিতে দীর্ঘ অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতার স্বাক্ষর রাখা এই নেতাকে মহানগর উত্তর বিএনপির গুরুত্বপূর্ণ সাংগঠনিক দায়িত্বে দেখতে চান তৃণমূলের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক। দলগতভাবে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা না এলেও রাজপথের পরীক্ষিত এই কান্ডারিকে নেতৃত্বের দায়িত্বে আনার দাবিতে উত্তরের কর্মী-সমর্থকদের মাঝে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।

মাঠপর্যায়ের ছাত্ররাজনীতি থেকে উঠে আসা মিল্টন মিষ্টভাষী ও দক্ষ সুসংগঠক হিসেবে ছাত্রজীবন থেকেই কর্মীদের আস্থা অর্জন করেন। রাজপথের নানা প্রতিকূল পরিস্থিতিতেও দলীয় আদর্শে অবিচল থেকে সহযোদ্ধাদের নিয়ে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তিনি। নবীন ও প্রবীণের মেলবন্ধন ঘটিয়ে সংগঠনকে চাঙ্গা করার অনন্য ক্ষমতা রয়েছে তাঁর। রাজনীতির পাশাপাশি ডিএনসিসি প্রশাসকের দায়িত্ব সামলাতে গিয়ে সততা ও স্বচ্ছতার পরিচয় দিয়ে নাগরিক সেবা নিশ্চিত করায় তিনি সর্বমহলে একটি গ্রহণযোগ্য ভাবমূর্তি তৈরি করতে সক্ষম হয়েছেন।

উত্তর বিএনপির এই সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন ও মিল্টনের ভাবমূর্তি নিয়ে কথা হয় স্থানীয় বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে। মোহাম্মদপুরের স্থায়ী বাসিন্দা ও ব্যবসায়ী হাবিবুর রহমান বলেন, “ডিএনসিসির প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর এলাকার অনেক নাগরিক সমস্যা নিয়ে আমরা তাঁর কাছে গিয়েছি। কোনো আমলাতান্ত্রিক জটিলতা ছাড়া সাধারণ মানুষের কথা শোনার যে মানসিকতা তিনি দেখিয়েছেন, তা সত্যিই প্রশংসনীয়। এমন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ রাজনীতিতে নেতৃত্ব দিলে সাধারণ জনগণও আশ্বস্ত হয়।”

একই সুর শোনা গেল স্থানীয় রাজনীতির মাঠের কর্মীদের কণ্ঠেও। আদাবর থানা বিএনপির একজন প্রবীণ মাঠকর্মী মো. জাহাঙ্গীর হোসেন জানান, “বিগত বছরগুলোতে কঠিন আন্দোলনের সময়ে মিল্টন ভাই সবসময় কর্মীদের পাশে থেকেছেন। সাধারণ কর্মীদের সঙ্গে তাঁর যে সরাসরি যোগাযোগ এবং বিপদ-আপদে পাশে দাঁড়ানোর মানসিকতা—তা তাঁকে অন্য নেতাদের চেয়ে আলাদা করেছে। তাঁকে যদি উত্তরের মূল সংগঠকের দায়িত্ব দেওয়া হয়, তবে তৃণমূলের সাধারণ কর্মীরা নতুন উদ্যোমে জেগে উঠবে।”

তৃণমূল ছাত্রদলের এক উঠতি নেতা সাব্বির আহমেদ বলেন, “আমাদের মতো তরুণদের সংগঠিত করতে এবং প্রবীণ নেতাদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পথ চলতে মিল্টন ভাইয়ের জুড়ি নেই। দলের সংকট দূর করে সবাইকে ঐক্যবদ্ধ রাখার দূরদর্শিতা তাঁর মধ্যে রয়েছে। হাইকমান্ড যেন কর্মীঘনিষ্ঠ এই পরীক্ষিত নেতার ওপরই বিশ্বাস রাখে।”

যদিও ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতৃত্বের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে দলের হাইকমান্ড, তবুও সাধারণ মানুষ ও তৃণমূলের এই আগ্রহ পরিষ্কার বার্তা দিচ্ছে। মাঠের কর্মীদের প্রত্যাশা—শফিকুল ইসলাম খান মিল্টনের মতো দক্ষ, পরিচ্ছন্ন ও সর্বজনগ্রাহ্য নেতাকে দায়িত্বে আনা হলে ঢাকা উত্তর বিএনপি আগামী দিনে আরও সুসংগঠিত, শৃঙ্খলিত ও শক্তিশালী হয়ে উঠবে।

এমন আরো সংবাদ

Back to top button