মতামত

ডিগ্রি আছে, দক্ষতা নেই; কর্মসংস্থানও নেই

ডিগ্রি ইনফ্লেশন: কেবল সনদ নয়, প্রয়োজন গুণগত ও কর্মমুখী শিক্ষার রূপান্তর

এআই জেনারেটেড প্রতীকী ছবি
এআই জেনারেটেড প্রতীকী ছবি

একসময় একটি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ছিল মধ্যবিত্ত পরিবারের সবচেয়ে বড় সামাজিক ও অর্থনৈতিক নিশ্চয়তা। সনদ হাতে পাওয়ার অর্থই ছিল কর্মজীবনের দরজা খুলে যাওয়া এবং পরিবারের আর্থিক অনস্থার অবসান। বহু বাবা-মা তাঁদের সামর্থ্যের শেষটুকু ব্যয় করেছেন সন্তানের হাতে একটি ডিগ্রি তুলে দেওয়ার জন্য। কিন্তু আজ সেই বিশ্বাসের ভিত নড়ে গেছে। এখন বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া অসংখ্য তরুণের হাতে ডিগ্রি আছে, কিন্তু নিশ্চিত কর্মজীবন নেই। একই সময়ে শিল্পপ্রতিষ্ঠান, তথ্যপ্রযুক্তি খাত কিংবা আধুনিক সেবাখাতের নিয়োগদাতারা বলছেন—প্রয়োজনীয় দক্ষতার মানুষ পাওয়া যাচ্ছে না।

একদিকে উচ্চশিক্ষিত বেকার, অন্যদিকে দক্ষ কর্মীর সংকট—এই দুই বিপরীতমুখী বাস্তবতা প্রমাণ করে সমস্যাটি শুধু কর্মসংস্থানের নয়, বরং রাষ্ট্রের মানবসম্পদ উন্নয়নের দর্শনের। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ শ্রমশক্তি জরিপ অনুযায়ী দেশে বেকারত্বের হার বেড়ে ৪ দশমিক ৬৩ শতাংশে পৌঁছেছে। এর চেয়েও তাৎপর্যপূর্ণ বিষয় হলো, বেকারদের উল্লেখযোগ্য অংশ উচ্চশিক্ষিত তরুণ। এটি কেবল একটি অর্থনৈতিক সমস্যা নয়, এটি জাতীয় সম্পদের অপচয়। একটি রাষ্ট্র যখন একজন শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছে দেয়, তখন তার পেছনে রাষ্ট্রের যে বিপুল বিনিয়োগ থাকে, তা যদি উৎপাদনশীল কর্মসংস্থানে রূপান্তরিত না হয়, তবে পুরো অর্থনীতির ক্ষতি।

এই সংকটের মূল কারণ হলো শিক্ষা ও কর্মক্ষেত্রের ক্রমবর্ধমান দূরত্ব। আমাদের শিক্ষাব্যবস্থা এখনো প্রধানত সনদকেন্দ্রিক, যেখানে পরীক্ষায় ভালো ফলই চূড়ান্ত লক্ষ্য। অথচ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বয়ংক্রিয় উৎপাদনব্যবস্থা এবং ডিজিটাল প্রযুক্তির এই যুগে আধুনিক কর্মক্ষেত্র সনদের চেয়ে সক্ষমতা বা দক্ষতার মূল্য বেশি দেয়। সেখানে বিশ্লেষণী চিন্তা, সমস্যা সমাধানের দক্ষতা, প্রযুক্তি ব্যবহারের সামর্থ্য, যোগাযোগক্ষমতা এবং দলগত কাজের মানসিকতা বেশি গুরুত্বপূর্ণ।

কিন্তু আমাদের সামাজিক বাস্তবতা এখনো পুরোনো ধারণায় আটকে আছে। আমরা সনদের সংখ্যা দিয়ে শিক্ষার সাফল্য পরিমাপ করি, দক্ষতার মান দিয়ে নয়। ফলে ডিগ্রি বাড়লেও কর্মদক্ষতা বাড়ছে না। এখানেই আরেকটি নীরব সংকট কাজ করছে, যাকে অর্থনীতিবিদরা ‘ডিগ্রি ইনফ্লেশন’ বা ডিগ্রির অবমূল্যায়ন বলে অভিহিত করেন। একসময় যে চাকরির জন্য উচ্চমাধ্যমিক বা ডিপ্লোমা যথেষ্ট ছিল, আজ সেখানে স্নাতক চাওয়া হচ্ছে। ডিগ্রির সংখ্যা বাড়লেও তার বাজারমূল্য কমছে, যার ফলশ্রুতিতে তরুণদের কর্মসংস্থানের অপেক্ষা দীর্ঘ হচ্ছে এবং হতাশা বাড়ছে।

বাংলাদেশের সবচেয়ে মূল্যবান সম্পদ প্রাকৃতিক সম্পদ নয়, বরং বিপুল কর্মক্ষম তরুণ জনগোষ্ঠী বা ডেমোগ্রাফিক ডিভিডেন্ড। কিন্তু এই জনমিতিক সুবিধার একটি নির্দিষ্ট সময়সীমা থাকে, যা পেরিয়ে গেলে হারানো সুযোগ আর ফিরে আসে না। তাই প্রকৃত প্রশ্ন হলো, বর্তমান উচ্চশিক্ষা দেশের অর্থনীতিকে কতটা শক্তিশালী করছে? একটি ডিগ্রি কি সত্যিই একজন তরুণকে কাজের জন্য প্রস্তুত করছে, নাকি কেবল আরেকটি সনদের মালিক বানাচ্ছে?

বিশ্বের যেসব দেশ অর্থনৈতিক বিস্ময় সৃষ্টি করেছে, তারা মানুষকেই প্রধান বিনিয়োগ হিসেবে দেখেছে। দক্ষিণ কোরিয়া, সিঙ্গাপুর, জার্মানি কিংবা ভিয়েতনাম—সবার সাফল্যের রহস্য একটাই; তারা বুঝেছিল ভবিষ্যতের অর্থনীতি আবর্তিত হবে মানুষের মেধা, দক্ষতা ও উদ্ভাবনী ক্ষমতাকে কেন্দ্র করে।

এই সংকট উত্তরণে প্রথমত, শিক্ষা ও শিল্পের (Industry-Academia) মধ্যে নিয়মিত সংলাপ ও সমন্বয় প্রতিষ্ঠা করতে হবে, যাতে শ্রমবাজারের বাস্তব চাহিদার প্রতিফলন পাঠ্যক্রমে ঘটে। দ্বিতীয়ত, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে সামাজিক ও প্রাতিষ্ঠানিক মর্যাদা দিতে হবে। আধুনিক শিল্পরাষ্ট্রে দক্ষ প্রকৌশলীর পাশাপাশি দক্ষ টেকনিশিয়ান, প্রোগ্রামার ও সফটওয়্যার বিশেষজ্ঞের সমান প্রয়োজন। তৃতীয়ত, কর্মসংস্থানের মূল চালিকাশক্তি হিসেবে ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগকে (SME) সহজ ঋণ, প্রযুক্তিগত সহায়তা ও নীতিগত স্থিতিশীলতা দিতে হবে। চতুর্থত, নিজস্ব প্রযুক্তি ও পণ্য উদ্ভাবনের জন্য গবেষণা খাতে বিনিয়োগ বাড়াতে হবে।

কৃত্রিম বুদ্ধিমত্তা কিছু পেশাকে বিলুপ্ত করলেও অসংখ্য নতুন পেশার জন্ম দিচ্ছে। তাই প্রযুক্তিকে প্রতিরোধ করার মানসিকতা পরিহার করে, প্রযুক্তির সঙ্গে কাজ করার সক্ষমতা অর্জন করাই হবে বিচক্ষণতা।

রাষ্ট্রের সাফল্যের পরিমাপও এখন বদলাতে হবে। কতজন স্নাতক বের হলো—সেটির চেয়ে কতজন শিক্ষার্থী উৎপাদনশীল কাজের জন্য প্রস্তুত হলো এবং নতুন মূল্য সৃষ্টি করল, সেটাই হওয়া উচিত প্রগতির সূচক। বাংলাদেশ আজ যে গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে আছে, সেখানে ভুল সিদ্ধান্তের মূল্য দিতে হবে পুরো একটি প্রজন্মকে। যে দিন একটি ডিগ্রির চেয়ে একটি বাস্তব দক্ষতা বেশি মূল্য পাবে, সে দিনই বাংলাদেশের উন্নয়নের পরবর্তী অধ্যায় সত্যিকার অর্থে শুরু হবে।

লেখক: গবেষক ও সংগ্রাহক, জাপান

(১৯ জুলাই ২০২৬)

এমন আরো সংবাদ

Back to top button