এক সময়ে অভাবের সংসার ছিল হাজিমুল ইসলামের। পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে অন্যের বাড়িতে দিনমজুর হিসেবে কাজ করতেন। কিন্তু আজ তিনি একজন স্বাবলম্বী উদ্যোক্তা। তার কারখানায় তৈরি বাঁশ ও বেতের নান্দনিক পণ্য রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজারের পর্যটন কেন্দ্রগুলোর চাহিদা মিটিয়ে দেশের গণ্ডি পেরিয়ে চলে যাচ্ছে ইউরোপের বাজারে।
হাজিমুল ইসলাম নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের ঠেলাপীর এলাকার উত্তর সোনাখুলী ডাঙ্গাপাড়ার বাসিন্দা। নিজের প্রবল ইচ্ছাশক্তি আর কঠোর পরিশ্রমের মাধ্যমে আজ তিনি গড়ে তুলেছেন ‘আরিফুল হস্ত শিল্প’ নামে এক কারখানা।
হাজিমুল ইসলাম জানান, তার এই পথচলা সহজ ছিল না। তীব্র অর্থনৈতিক সংকট আর উৎপাদিত পণ্য বাজারে বিক্রি অনিশ্চয়তা নিয়ে শুরু হয়েছিল তার এই যাত্রা। অন্যের অধীনে কাজ করার সময় থেকেই নিজের কিছু একটা করার তাগিদ অনুভব করতেন তিনি। একদিন মাথায় আসে বাঁশ দিয়ে নিত্য নতুন ও শৌখিন জিনিস তৈরির কথা। এরপর স্মার্টফোনে ইউটিউব ঘেঁটে বাঁশের পণ্য তৈরির কৌশল ও নকশা শেখা শুরু করেন। প্রাথমিকভাবে নিজের বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বাঁশ কেটে এনে তৈরি করেন কয়েকটি পানির মগ। সেই মগগুলোর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের একটি অনলাইন পেজে আপলোড করেন। প্রথম দিকেই অভাবনীয় সাড়া পান তিনি। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।
চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে হাজিমুল তার উদ্যোগকে বড় করতে গড়ে তোলেন আরিফুল হস্ত শিল্প কারখানা। বর্তমানে তার কারখানায় বাঁশ দিয়ে তৈরি হচ্ছে আধুনিক ডিজাইনের মগ, নান্দনিক ট্রে, ল্যাম্পশেড, বাহারি ফুলদানি, ঘর সাজানোর শোপিস সেট, ফল বা সবজি রাখার ঝুড়ি এবং ড্রয়িংরুমের জন্য বাঁশের তৈরি সোফা সেটসহ নানা রকম পণ্য। এসব পণ্য দেশের বিভিন্ন প্রান্তের পাইকার ও সাধারণ ক্রেতারা অনলাইনের মাধ্যমে অর্ডার করে সংগ্রহ করছেন। হাজিমুল ইসলাম কেবল নিজেকেই স্বাবলম্বী করেননি, বরং এলাকার আরও ১৫ জন কর্মহীন মানুষের ভাগ্য বদলে দিয়েছেন। বর্তমানে তার কারখানায় নিয়মিত কাজ করছেন ১৫ জন নারী ও পুরুষ শ্রমিক।



