দেশের বেসরকারি বিমান পরিবহন খাতের সক্ষমতা বাড়াতে প্রায় ১৪ হাজার কোটি টাকা (১.১ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগের বিশাল উদ্যোগ নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। এই বিনিয়োগের মাধ্যমে বিশ্বের শীর্ষ পাঁচটি এয়ারক্র্যাফট লিজিং প্রতিষ্ঠান থেকে পর্যায়ক্রমে ২১টি নতুন বোয়িং ৭৩৭-৮ উড়োজাহাজ বহরে যুক্ত করা হবে। এর ফলে ২০২৭ সালের মধ্যে এয়ারলাইনসটির উড়োজাহাজের সংখ্যা বর্তমানের ২৫টি থেকে বেড়ে ৪৬টিতে দাঁড়াবে।
রোববার (১২ জুলাই) বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনকে পাঠানো ইউএস-বাংলা কর্তৃপক্ষের এক চিঠি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়, আগামী ২৯ জুলাই রাজধানীর একটি অভিজাত হোটেলে বোয়িংয়ের ভাইস প্রেসিডেন্ট পল রিগিহ এবং মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের উপস্থিতিতে এই পরিকল্পনার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে।
নতুন এই উড়োজাহাজগুলো ২০২৭ সালের জানুয়ারি থেকে ডিসেম্বরের মধ্যে বহরে যুক্ত হবে। এর মাধ্যমে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটকে আঞ্চলিক হাব হিসেবে গড়ে তুলে দক্ষিণ এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট সম্প্রসারণ করা হবে।
ইউএস-বাংলা জানিয়েছে, নতুন বোয়িংগুলোতে আন্তর্জাতিক মানের প্রিমিয়াম সিট, তারহীন ইন-ফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেম এবং ইন-ফ্লাইট ওয়াই-ফাই সুবিধা থাকবে; যা বাংলাদেশের বেসরকারি এভিয়েশনে প্রথম। এই বিশাল উদ্যোগের ফলে পাইলট, প্রকৌশলী ও কেবিন ক্রুসহ শত শত নতুন কর্মসংস্থান তৈরি হবে, যা দেশের পর্যটন, বাণিজ্য ও বৈদেশিক মুদ্রা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দেশের সব অভ্যন্তরীণ গন্তব্যের পাশাপাশি ইউএস-বাংলা বর্তমানে ভারতের কলকাতা ও চেন্নাই; মালদ্বীপের মালে; ওমানের মাসকাট; কাতারের দোহা; সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ ও আবুধাবি; সৌদি আরবের জেদ্দা ও রিয়াদ; থাইল্যান্ডের ব্যাংকক; মালয়েশিয়ার কুয়ালালামপুর; সিঙ্গাপুর; চীনের গুয়াংজুসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে। মধ্যপ্রাচ্য ও এশিয়ার আরও কয়েকটি গন্তব্যে সেবা সম্প্রসারণের পরিকল্পনাও রয়েছে এয়ারলাইনসটির।



