বিশ্ব ত্বক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জের ভানুবিল এলাকায় সুবিধাবঞ্চিত মণিপুরি ও স্থানীয় গ্রামীণ জনগোষ্ঠীর জন্য একটি বিনামূল্যে চর্মরোগ চিকিৎসা শিবির সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি’র উদ্যোগে এবং ইন্টারন্যাশনাল লীগ অব ডার্মাটোলজিক্যাল সোসাইটিজ, ইন্টারন্যাশনাল সোসাইটি অব ডার্মাটোলজিও ওয়েলফেয়ার চার্চ ট্রাস্টের সহযোগিতায় এই ক্যাম্পের আয়োজন করা হয়।
শিবিরে ডা. মোহাম্মদ সাইফুল ইসলাম ভূঁইয়া ও ডা. সাযিয়া আফরিনসহ দেশের একদল খ্যাতনামা চর্মরোগ বিশেষজ্ঞ প্রত্যন্ত অঞ্চলের প্রায় ২০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করেন। এতে ১০টিরও বেশি গ্রামের মানুষ বিশেষায়িত সেবার সুযোগ পান।
আয়োজকেরা জানান, এই উদ্যোগের লক্ষ্য কেবল তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া নয়, বরং অবহেলিত মানুষের মাঝে ত্বকের যত্ন ও চর্মরোগের প্রতিরোধমূলক সচেতনতা তৈরি করা। দেশের সব জনগোষ্ঠীর জন্য সমান স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ও বৈষম্য দূরীকরণে বাংলাদেশ একাডেমি অব ডার্মাটোলজি নিরলসভাবে কাজ করে যাচ্ছে।



