জেলার খবর
নীলফামারীতে মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন গঠনে শিক্ষকদের ভূমিকা শীর্ষক কর্মশালা
মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ বিনির্মাণে শিক্ষকদের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে নীলফামারীতে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৬ জুন) দুপুর ১২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর নীলফামারীর উদ্যোগে “মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গন তথা সমাজ বিনির্মাণে শিক্ষকদের ভূমিকা” শীর্ষক এ কর্মশালার আয়োজন করা হয়।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনীম আওন এবং জেলা শিক্ষা কর্মকর্তা মো. হাফিজুর রহমান।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষাপ্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা সৃষ্টি, নৈতিক মূল্যবোধের বিকাশ এবং মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে নিয়মিত দিকনির্দেশনা প্রদানের মাধ্যমে শিক্ষকরা মাদক প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখতে পারেন।
কর্মশালায় নীলফামারী জেলার বিভিন্ন মাধ্যমিক ও তদূর্ধ্ব পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের ৩২ জন শিক্ষক অংশগ্রহণ করেন। এ সময় অংশগ্রহণকারীরা শিক্ষাঙ্গনে মাদকবিরোধী কার্যক্রম জোরদার করার বিষয়ে মতামত ও অভিজ্ঞতা বিনিময় করেন। আয়োজকরা জানান, মাদকের ভয়াবহতা থেকে নতুন প্রজন্মকে রক্ষা এবং সচেতন সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



