জেলার খবর
জনসেবার মানোন্নয়নে পুলিশ সদস্যদের দিকনির্দেশনা দিলেন পুলিশ সুপার
নীলফামারী জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৭ জুন ২০২৬) সকালে নীলফামারী পুলিশ লাইন্সের ড্রিল শেডে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন নীলফামারীর পুলিশ সুপার মোঃ ফরহাদ হোসেন খাঁন। সভায় জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা অংশগ্রহণ করেন।কল্যাণ সভায় পুলিশ সদস্যদের পেশাগত দায়িত্ব পালনের ক্ষেত্রে বিভিন্ন সুবিধা-অসুবিধা, কর্মপরিবেশ এবং কল্যাণমূলক বিষয় নিয়ে আলোচনা করা হয়। পুলিশ সুপার উপস্থিত কর্মকর্তা ও সদস্যদের বক্তব্য মনোযোগসহকারে শোনেন এবং উত্থাপিত সমস্যাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
এ সময় তিনি পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। পাশাপাশি পেশাদারিত্ব, শৃঙ্খলা, সততা ও জনসেবার মান আরও উন্নত করার ওপর গুরুত্বারোপ করেন। সভায় নীলফামারী জেলা পুলিশের সকল পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।



