কূটনীতি

লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করলেন আকবর হোসেন

আকবর হোসেন। ফাইল ছবি
লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে পদত্যাগ করেছেন আকবর হোসেন। গতকাল শুক্রবার (১০ এপ্রিল) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে তিনি স্বেচ্ছায় পদত্যাগের এই সিদ্ধান্ত নিয়েছেন।

আকবর হোসেন লেখেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার পদ থেকে আমি পদত্যাগ করেছি। একান্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণে সেখানে দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। বিষয়টির সাথে অন্য কোনও কিছুর সম্পর্ক নেই।

এর আগে ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাজ্যের লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে তাকে নিয়োগ দেয় অন্তর্বর্তী সরকার।জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছিল, দুই বছরের জন্য চুক্তিভিত্তিক এ নিয়োগ কার্যকর হবে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছিল, নিয়োগপ্রাপ্তদের অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে দায়িত্ব গ্রহণ করতে হবে। লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগের আগে বিবিসি বাংলার ঢাকা অফিসে জ্যেষ্ঠ সাংবাদিক হিসেবে কর্মরত ছিলেন আকবর হোসেন।

এমন আরো সংবাদ

Back to top button