
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের রান্নার চাহিদা মেটাতে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) সরবরাহের জন্য গণচীন ২৫ লাখ মার্কিন ডলার অনুদান দিয়েছে। জাতিসংঘ শরণার্থীবিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) চীনের এই উদার অনুদানকে স্বাগত জানিয়েছে।
গ্লোবাল ডেভেলপমেন্ট অ্যান্ড সাউথ-সাউথ কো-অপারেশন তহবিলের মাধ্যমে এই অর্থায়ন করা হচ্ছে। এর ফলে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত প্রায় ৪ লাখ ৫৮ হাজার শরণার্থী বা প্রায় ৯৪ হাজার পরিবারকে পরিচ্ছন্ন রান্নার জ্বালানি সরবরাহ করা সম্ভব হবে।

বাংলাদেশে নিযুক্ত ইউএনএইচসিআরের প্রতিনিধি ইভো ফ্রেইসেন চীনের এই সংহতির জন্য অশেষ কৃতজ্ঞতা জানিয়ে বলেন, “এই অনুদান এমন এক দুঃসময়ে এলো, যখন বিশ্বব্যাপী অর্থসহায়তা কমে যাচ্ছে এবং বহু জীবনরক্ষাকারী কর্মসূচির অর্থায়নও হুমকিতে পড়েছে।” তিনি যোগ করেন, এই অবদান শরণার্থীদের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করতে সাহায্য করবে।
বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত মান্যবর ইয়াও ওয়েন বলেন, চীন বাংলাদেশের অবিচল উন্নয়ন সহযোগী ও অকৃত্রিম বন্ধু হিসেবে চলমান সহায়তা আরও প্রসারিত করছে। তিনি জানান, দ্রুততম সময়ে বাস্তুচ্যুত মানুষরা যেন এর সুফল পান, সেজন্য চীন ইউএনএইচসিআর ও বাংলাদেশ সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করবে।
চীনের এই অর্থসহায়তা শরণার্থীদের এলপিজি সরবরাহ চলমান রাখবে, যা জ্বালানি কাঠের ওপর তাদের নির্ভরশীলতা কমিয়ে নিরাপত্তা, স্বাস্থ্য ও পুষ্টির মান বাড়াবে। ইভো ফ্রেইসেন বলেন, এলপিজি ব্যবহারের ফলে নারী ও মেয়েরা জ্বালানি কাঠ সংগ্রহের জন্য বাইরে যাওয়ার ঝুঁকি এড়াতে পারছে এবং পরিবেশের ক্ষয়ক্ষতিও রোধ হচ্ছে।
ইউএনএইচসিআর শরণার্থী ও আশ্রয়দাতা জনগোষ্ঠী উভয়ের জন্য টেকসই আন্তর্জাতিক সংহতি বজায় রাখার ওপর জোর দিয়েছে।



