জেলার খবরহাইলাইটস

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর তীরবর্তী হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে।কিশোরগঞ্জ শহরের মধ্য দিয়ে প্রবাহিত নরসুন্দা নদীর তীরবর্তী হারুয়া এলাকায় অবস্থিত ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সগুলো ১৪৭ দিন বা ৪ মাস ২৫ দিন পর খোলা হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় মসজিদের ১০টি লোহার দানবাক্সসহ অতিরিক্ত ৫টি টিনের ট্রাঙ্ক খোলা হলে এতে রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়া যায়।সাধারণত ৩ মাস পরপর দানবাক্সগুলো খোলার কথা থাকলেও এবার প্রায় ৫ মাস পর খোলায় অতিরিক্ত ৫টি টিনের বাক্স যুক্ত করা হয়েছিল। টাকা গণনার কাজে মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী, পার্শ্ববর্তী আল জামিয়াতুল এমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীসহ প্রায় ৬০০ জনের একটি দল অংশ নিয়েছে। পরে মসজিদের দোতালায় এনে টাকা গণনার কাজ শুরু হয়।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক ও পাগলা মসজিদ পরিচালনা কমিটির সভাপতি সোহানা নাসরিন এবং পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। এ সময় বিপুল সংখ্যক পুলিশ, র‍্যাব ও আনসার সদস্য উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক বলেন, এবার রেকর্ড ৫১ বস্তা টাকা পাওয়ায় অতীতের সব রেকর্ড ভেঙে নতুন রেকর্ড সৃষ্টি হবে বলে আশা করা যাচ্ছে।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও দানবাক্স খোলা কমিটির আহ্বায়ক মো. এরশাদুল আহমেদ এসব তথ্য নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্সগুলো খুলে ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা পাওয়া গিয়েছিল। এ ছাড়াও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া গিয়েছিল।

মসজিদের দান থেকে পাওয়া অর্থ এই মসজিদসহ জেলার বিভিন্ন মসজিদ, মাদরাসা ও এতিমখানার পাশাপাশি নানা সমাজকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। পাশাপাশি মসজিদটিকে আন্তর্জাতিক মানের দৃষ্টিনন্দন ইসলামিক কমপ্লেক্স হিসেবে গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। আধুনিক তুরস্কের নকশায় বহুমুখী কার্যক্রম সম্পাদনের উপযোগী ১০ তলা এই কমপ্লেক্সের কাজ খুব দ্রুতই শুরু হবে, যার নামকরণ হবে ‘পাগলা মসজিদ ইসলামিক কমপ্লেক্স’। এটি নির্মাণে প্রাথমিক ব্যয় ধরা হয়েছে ৫০০ কোটি টাকা এবং এখানে একসঙ্গে ৬০ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারবেন।
জানা গেছে, পাগলা মসজিদের দানবাক্স থেকে পাওয়া অর্থ মসজিদের ১৩টি ব্যাংক অ্যাকাউন্টে এফডিআর হিসেবে রাখা হয়েছে। সবশেষ ২৭ জুনের প্রাপ্ত অর্থসহ এ পর্যন্ত ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা জমা রয়েছে। এ ছাড়া মসজিদের নিজস্ব ওয়েবসাইট চালুর পর থেকে অনলাইনে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা অনুদান এসেছে। এই তহবিল থেকে প্রাপ্ত লভ্যাংশ গরিব, অসহায়, অনাথ ও অসুস্থ মানুষের পাশাপাশি স্কুল, কলেজ, মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের দরিদ্র শিক্ষার্থীদের সহায়তায় ব্যয় করা হয়।

এদিকে, গত ১২ অক্টোবর সোমবার সকাল ১০টায় দীর্ঘ ছয় বছর পর জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে দানসিন্দুকে পাওয়া স্বর্ণ ও রুপার অলঙ্কার এবং বৈদেশিক মুদ্রার পরিমাণ নির্ধারণে ট্রেজারিতে সংরক্ষিত নয়টি মাঝারি আকারের প্লাস্টিকের কনটেইনার ও ছয়টি সিলগালা করা খাম খুলে গণনা ও পরিমাপ করা হয়। এতে ১০৪৪ ভরি স্বর্ণালঙ্কার, ১০৮৮ ভরি রৌপ্যালঙ্কার এবং ১৭টি দেশের মুদ্রা পাওয়া যায়। এর মধ্যে রয়েছে আমেরিকান ডলার ৮,০৫৭, সৌদি রিয়াল ৫৭,৪১৪, মালয়েশিয়ান রিঙ্গিট ২৯,৬৬২, আমিরাত দিরহাম ১৪,২৪০, কুয়েতি দিনার ৭,৬৭৫, ওমান রিয়াল ৮৮৮ রিয়াল ৩৪৮ বাইসা, কাতার রিয়াল ৭,৯৭৩, বাহরাইন দিনার ৩৩৩, সিঙ্গাপুর ডলার ১,৭১৮, গ্রেট ব্রিটেন পাউন্ড ১,২২০, ইউরো ৫,২৪৫, অস্ট্রেলিয়ান ডলার ৫৫৫, কানাডিয়ান ডলার ২৫, মালদ্বীপিয়ান রুপিয়া ১০০, জর্ডান দিনার ৯২, ইন্ডিয়ান রুপি ৩৭,৮৭৭ এবং চাইনিজ ইউয়ান ৩০৬। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ বলেন, দানসিন্দুকে পাওয়া স্বর্ণ ও রুপার বাজারমূল্য নির্ধারণ করে নিলামে বিক্রি করা হবে এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ বিনিময় হার অনুযায়ী নগদায়ন করা হবে।

এর আগে ২০২০ সালের ১১ মার্চ ৪২০ ভরি স্বর্ণালঙ্কার ও ১৮৮ ভরি রুপার অলঙ্কার নিলামে বিক্রি করে ১ কোটি ১৫ লাখ ৪ হাজার ১১০ টাকা এবং বৈদেশিক মুদ্রা বিক্রি করে ৭০ লাখ টাকা পাওয়া গিয়েছিল। ভক্ত ও দর্শনার্থীরা দেশি-বিদেশি মুদ্রার পাশাপাশি স্বর্ণ ও রুপার অলঙ্কার দান করেন এবং নির্দিষ্ট সময় পরপর দানবাক্স খুলে সংগৃহীত অর্থ মসজিদের তহবিলে জমা রাখা হয়।

এমন আরো সংবাদ

Back to top button