জলবায়ু পরিবর্তন

জলবায়ু তহবিলের স্বচ্ছতা চাইল জামায়াত

জলবায়ু অর্থায়নে ঋণের বদলে অনুদানের জোরালো দাবি জামায়াত প্রতিনিধি দলেরবিশ্ব জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ প্রধানমন্ত্রী তারেক রহমান উত্থাপিত পাঁচ দফা দাবিকে স্বাগত জানিয়েছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল। তবে বাংলাদেশের জন্য প্রতিশ্রুত ৩০ মিলিয়ন মার্কিন ডলার জলবায়ু তহবিলের অর্থ যেন পুরোপুরি দুর্নীতিমুক্তভাবে এবং প্রকৃত ক্ষতিগ্রস্তদের কল্যাণে ব্যয় হয়, তা নিশ্চিত করার দাবি জানিয়েছে দলটি।

১৪ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় কপ৩১ ভেন্যুর বাংলাদেশ প্যাভিলিয়নের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুবুল আলম সালেহী।

সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সালেহী জানান, অতীতে আন্তর্জাতিক জলবায়ু তহবিল ব্যবহারে অনিয়মের অভিযোগ থাকায় আগামীতে বরাদ্দকৃত অর্থের নিয়মিত ‘ট্র্যাকিং রিপোর্ট’ জনসম্মুখে প্রকাশ করতে হবে। পাশাপাশি তিনি বৈশ্বিক জলবায়ু আলোচনায় ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়ন নিশ্চিত করার ওপর জোর দেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় জামায়াতের ‘থ্রি জিরো ভিশন’ (জিরো ফ্লাডস, জিরো ওয়েস্ট ও জিরো এনভায়রনমেন্ট ডিগ্রেডেশন) তুলে ধরেন এবং জলবায়ু ইস্যুতে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি প্যাভিলিয়নের ভেতরে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলন করতে না দেওয়ার অভিযোগ তুলে বিষয়টিকে দুঃখজনক বলে অভিহিত করেন। সংবাদ সম্মেলনে কপ৩১ জামায়াত প্রতিনিধি দলের সমন্বয়ক ড. মাহমুদুল হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমন আরো সংবাদ

Back to top button